কলেজছাত্র ইলিয়াস আত্মহত্যায় প্ররোচণায় অভিযুক্ত প্রেমিকার বিরুদ্ধে চার্জশিট

0

 

স্টাফ রিপোর্টার ॥ ঝিকরগাছা উপজেলার শ্রীচন্দ্রপুর গ্রামের কলেজছাত্র ইলিয়াস হোসেন আত্মহত্যায় প্ররোচণা মামলায় প্রেমিকা লুইস পারভীন লিয়া ওরফে হিরামনীকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ না পাওয়ায় হিরামনীর পিতা আয়নাল হক ও মা লিজা বেগমের অব্যাহতির আবেদন করা হয়েছে চার্জশিটে। মামলার তদন্ত শেষে আদালতে গত বুধবার (৬ সেপ্টেম্বর) এ চার্জশিট দিয়েছেন তদন্তকারী কর্মকতা এসআই সুমন বিশ্বাস। হিরামনী একই গ্রামের বাসিন্দা।
মামলার অভিযোগে জানা গেছে, ইলিয়াস হোসেন চৌগাছার পাশাপোল আমজামতলা মডেল কলেজের এইচএসসি বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল। তিন বছর আগে প্রতিবেশী হিরামনীর সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তাদের উভয়ের ঘর পাশাপাশি হওয়ায় ইলিয়াস হোসেন মাঝেমধ্যে জানালা দিয়ে হিরামনীর সাথে গোপনে কথা বলতো। হিরামনীর পিতা ও মা ইলিয়াসের সাথে প্রেম মেনে নিতে পারেনি। প্রায় ইলিয়াস হোসেনকে হুমকি দিত হিরামনীর মা ও পিতা। গত ২৯ মে দিবাগত রাতে ইলিয়াস জানালা দিয়ে হিরামনীর সাথে দেখা না করলে তার সাথে সম্পর্ক রাখবে না বলে জনিয়ে দেয়। ইলিয়াস তখন তাদের প্রেমের সম্পর্ক নষ্ট না করার জন্য অনুরোধ করলে বাকবিতন্ডা হয়। এ সময় আত্মহত্যা ছাড়া কোনো উপায় নেই বলে তাকে জানায় ইলিয়াস হোসেন। হিরামনী তখন তার ব্যবহৃত ওড়না ইলিয়াসের হাতে দিয়ে আত্মহত্যা করতে বলে। এরপর হিরামনীর ঘরের জানালার সাথে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে ইলিয়াস। এরপর হিরামনী প্রতিবেশী একজনকে ফোন করে বিষয়টি জানালে সে রাত ৩ টার দিকে এসে ইলিয়াসের লাশ দেখে সকলকে জানায়।
এ ঘটনায় মৃত ইলিয়াস হোসেনের পিতা মনিরুল ইসলাম ১ জুন আত্মহত্যার প্ররোচণার অভিযোগে হিরামনী ও তার পিতা এবং মাকে আসামি করে ঝিকরগাছা থানায় মামলা করেন। এ মামলার তদন্ত শেষে আটক আসামিদের দেওয়া তথ্য ও সাক্ষীদের বক্তব্যে ঘটনার সাথে জড়িত থাকায় হিরামনীকে অভিযুক্ত করে আদালতে এ চার্জশিট দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। অভিযুক্ত হিরামনী ঘটনার পরে পুলিশ আটক করে আদালতে সোপর্দ করেছিল।