কলারোয়ায় স্ত্রী হত্যায় স্বামী গ্রেফতার

0

 

সাতক্ষীরা সংবাদদাতা॥ সাতক্ষীরার কলারোয়ায় স্ত্রী রানু খাতুনকে লোহার শাবল দিয়ে পিটিয়ে হত্যার ২৪ ঘন্টার মধ্যে স্বামী মুজিবুর রহমানকে গ্রেফতার করেছে র‌্যাব-৬-র সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা। বৃহস্পতিবার ভোর রাতে শ্যামনগর উপজেলার ধুমঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এরআগে বুধবার সকালে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের মা কলারোয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের বেলফুল বেগম বাদি হয়ে ওই দিন রাতেই কলারোয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গ্রেফতার মুজিবুর রহমান (৩৫) কলারোয়া উপজেলা সদরের গদখালী গ্রামের ইমান আলীর ছেলে।
র‌্যাব-৬-র সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি মো. নাজমুল হক জানান, বুধবার সকালে স্ত্রী মোছা. রানু খাতুনের সাথে মুজিবুর রহমানের পারিবারিক কলহ বাধে। এরই জের ধরে কথা কাটাকাটি এক পর্যায়ে মুজিবুর রহমান লোহার শাবল দিয়ে মাথার ডান পাশে আঘাত করে স্ত্রী রানু খাতুনকে হত্যা করেন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের মা বেলফুল বেগম বাদি হয়ে কলারোয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এক পর্যায়ে মামলা দায়েরের পর আসামি মুজিবর রহমান শ্যামনগর থানার ধুমঘাট গ্রামে তার এক আত্মীয়ের বাড়িতে অবস্থান নিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। তিনি আরো জানান, গ্রেফতার আসামিকে কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।