কলকাতা বিমানবন্দরের বাঁকড়া মসজিদে জুমার নামাজ আদায় করতে পারেননি মুসল্লিরা, ১৬৩ ধারা জারি

0
কলকাতা বিমানবন্দরে ১৩৬ বছরের পুরোনো বাঁকড়া মসজিদে জুমার নামাজ আদায়ে বাধা, এলাকা জুড়ে ১৬৩ ধারা জারি ।। ফাইল ছবি: সংগৃহীত
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার দমদম বিমানবন্দরের প্রাচীরসংলগ্ন ১৩৬ বছরের পুরোনো বাঁকড়া মসজিদে জুমার নামাজ আদায়ের ঘোষণা দিয়েও সেখানে যেতে পারেননি মুসল্লিরাসহ মসজিদ কমিটির নেতারা।
আজ শুক্রবার সকাল থেকেই বিমানবন্দর এলাকার ৭ নম্বর গেট ও আশপাশের অঞ্চলে বিপুলসংখ্যক পুলিশ, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী ও র‍্যাপিড অ্যাকশন ফোর্স (র‍্যাফ) মোতায়েন করা হয়। একই সঙ্গে সেখানে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১৬৩ ধারা (সাবেক ১৪৪ ধারা) জারি করার কারণে মুসল্লিদের পক্ষে সেখানে জমায়েত ও পূর্বঘোষিত নামাজ আদায় কর্মসূচি পালন করা সম্ভব হয়নি।

এর আগে গতকাল বৃহস্পতিবার কলকাতা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে জমিয়ত উলামায়ে হিন্দের রাজ্য সভাপতি ও রাজ্যের সাবেক মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী আজ শুক্রবার ঐতিহাসিক ওই মসজিদে জুমার নামাজ আদায় এবং শান্তিপূর্ণ দোয়া ও প্রতিবাদ কর্মসূচি পালনের ডাক দিয়েছিলেন। তবে আজ বিমানবন্দরের ৭ নম্বর গেট এলাকায় পৌঁছালে প্রশাসনের কর্মকর্তারা ১৬৩ ধারা জারির বিষয়টি উল্লেখ করে বাধা দেন।

পরে সিদ্দিকুল্লাহ চৌধুরী প্রশাসনের সঙ্গে আলোচনা করে সাংবাদিকদের জানান, বর্তমান পরিস্থিতিতে সেখানে কর্মসূচি পালন করা সম্ভব হচ্ছে না। পরবর্তীতে তিনি তাঁর সমর্থকদের নিয়ে নিকটবর্তী আরেকটি মসজিদে জুমার নামাজ আদায় করেন। তবে এ ঘটনার প্রতিবাদে কলকাতার কয়েকটি এলাকায় মুসল্লিদের হাতে কালো কাপড় বেঁধে নীরব প্রতিবাদ জানাতে দেখা গেছে।

মসজিদ কমিটির অভিযোগ, ১৮৯০ সালে প্রতিষ্ঠিত এই ঐতিহ্যবাহী মসজিদে যাওয়ার পথ গত ১১ জুলাই থেকে ভেতর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। কোনো লিখিত নোটিশ বা আলোচনা ছাড়াই হঠাৎ করে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী নামাজ আদায়ের পথ বন্ধ করে দেয়।

অবিভক্ত ভারতের সময় থেকে সচল এই মসজিদে পূর্বে বাংলাদেশের অনেক অঞ্চল থেকেও মানুষ নামাজ পড়তে আসতেন। বিমানবন্দরের ৭ নম্বর গেট খুলে দিয়ে পুনরায় নামাজ আদায়ের সুযোগ দেওয়ার দাবিতে আজকের এই জমায়েতের ডাক দেওয়া হলেও প্রশাসনের কড়াকড়িতে তা ভেস্তে যায়। বর্তমানে উত্তর ২৪ পরগনা জেলার এই অঞ্চলটিতে চরম চাপা উত্তেজনা বিরাজ করছে।