দিল্লির শিক্ষার্থী আন্দোলনে বলিউড তারকা সালমান খানের সমর্থন

0
দিল্লির আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থনে সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ বার্তা প্রকাশ করেন বলিউড তারকা সালমান খান।। ফাইল ছবি: সংগৃহীত
ভারতের রাজধানী দিল্লিতে প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়ম, প্রশ্নপত্র ফাঁস রোধ এবং শিক্ষাব্যবস্থায় সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন বলিউড তারকা সালমান খান।
সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক দীর্ঘ বার্তায় তিনি প্রশ্নপত্র ফাঁসকে ‘অত্যন্ত গুরুতর বিষয়’ বলে উল্লেখ করেছেন। একই সঙ্গে শিক্ষার্থীদের এই আন্দোলনকে রাজনৈতিক রঙ না দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

সালমান খান তাঁর বার্তায় লেখেন, শিক্ষার্থীদের এই উদ্যোগ ছিল অত্যন্ত শান্তিপূর্ণ। তবে এটি সহিংস রূপ নেওয়া এবং পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষে শিক্ষার্থী ও তাঁদের স্বজনেরা আহত হওয়ার ঘটনায় তিনি গভীর সমবেদনা প্রকাশ করেন।

ভারতের তরুণেরা উন্নত শিক্ষাব্যবস্থার দাবিতে একজোট হয়েছে এবং অভিভাবকেরাও তাঁদের পাশে দাঁড়িয়েছেন দেখে তিনি আনন্দ প্রকাশ করেন।

অভিনেতার মতে, শিক্ষায় নিষ্ঠা, সততা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ ও উন্নত ভারত গড়ার প্রতি তরুণদের যে আগ্রহ, তা সত্যিই প্রশংসার দাবি রাখে।

আন্দোলন বা প্রতিবাদ করাকে গণতান্ত্রিক অধিকারের অংশ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষা নিয়ে উৎসাহী এই তরুণ প্রজন্মই একদিন ভারতের মুখ উজ্জ্বল করবে।

পোস্টের শেষ অংশে রাজনৈতিক ব্যাখ্যার বিরোধিতা করে সালমান খান বলেন, এটি নিছক শিক্ষার্থী ও শিক্ষাব্যবস্থার একটি মৌলিক বিষয়, তাই এতে কোনো রাজনৈতিক রং দেওয়া উচিত নয়।

এই আন্দোলনের মূল কৃতিত্ব কেবল শিক্ষার্থীদেরই প্রাপ্য। পাশাপাশি সরকার শিক্ষার্থীদের পাশে থাকবে এবং শিক্ষাব্যবস্থাকে শক্তিশালী করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, সম্প্রতি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে সংশ্লিষ্টদের পদত্যাগের দাবিতে দিল্লিতে প্রতিবাদ শুরু করেন শিক্ষার্থীরা।

আন্দোলনকারীরা সংসদ অভিমুখে পদযাত্রার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়। পুলিশ লাঠিপেটা ও কাঁদানে গ্যাস প্রয়োগ করলে অসংখ্য শিক্ষার্থী আহত হন। যদিও এ ঘটনায় পুলিশ ও আন্দোলনকারী উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ তুলেছে।
এই আন্দোলনের পক্ষে ইতোমধ্যে বেশ কয়েকজন বিশিষ্ট চলচ্চিত্র তারকা সমর্থন জানিয়েছেন, যার মধ্যে এবার যুক্ত হলেন সালমান খান।