কপিলমুনিতে শোভা ছড়াচ্ছে আমঝুম ফল

0

এইচ,এম,শফিউল ইসলাম,কপিলমুনি (খুলনা) সংবাদদাতা ॥ রাস্তার পাশে বাহারি রং ছড়াচ্ছে আমঝুম ফল। গাছে থোকায় থোকায় ঝুলছে আমঝুম ফল। দেখলে মন জুড়িয়ে যায়। এ ফলটি কাঁচা অবস্থায় সবুজ বর্ণেও হয়। আধাপাকা হলে গোলাপি-লাল এবং পরিপূর্ণ পাকলে লালচে কালো রং ধারণ করে। আধা পাকা এ ফল খেতে কষযুক্ত। আমঝুম ফল পাকলে কষভাব অনেকটা কমে যায়। স্বাদে কষ হওয়ায় এ ফলটিকে কষটি ফলও বলা হয়।
খনিজ লবণ ও ভিটামিনসমৃদ্ধ এই ফলটি দেহের রোগ প্রতিরোধ-ক্ষমতাও বাড়ায় বলে জানা গেছে। খুলনা জেলার বিভিন্ন উপজেলায় ঝোপঝাড়, বসতবাড়ি, বাগান এবং রাস্তার ধারে প্রায়ই দেখা যেত। তবে বর্তমানে এটি বিলুপ্তির পথে। গাছের আকার মধ্যাকৃতির, পাতার গড়ন আম পাতার মতো। তবে পাতা অনেক নরম। এর বৈজ্ঞানিক নাম লেপিস্যান্সে রুবিগিনোসা শেপিনডেসি।
বুনো গাছ বলে পরিচিত। রাস্তার ধারে, ঝোপঝাড়, বনেবাদাড়ে জন্মায় এই গাছ। অবহেলা অনাদরে বড় হয়। গাছ চির সবুজ। পাতা বড় এবং মসৃণ ও খসখসে। গাছ প্রায় ৩০ ফুট পর্যন্ত বড় হয়। ছোট গাছে ফল ধরে। গাছে মার্চে ফুল ধরে এবং মে মাসে ফল পাকা শুরু হয়। পল্লবের ডোগা থেকে ঝুরি নামে এবং থোকায় থোকায় ফল ধরে। ফল কাচা অবস্থায় সবুজ, আধা পাকা অবস্থায় হলুদ বা কমলা রঙের আর পাকলে কালো রং হয়। স্বাদে কিছুটা বুনো গন্ধযুক্ত , তবে মুখরোচক। ছোট ছেলে মেয়েদের কাছে খুব প্রিয় ফল। এগুলো পাখিদের প্রিয় ফল, পাকা ফল পেলে গাছ সাবাড় করে দেয় পাখি।
পাইকগাছা কৃষি অফিসার কৃষিবিদ অসিম কুমার দাশ বলেন, দিন দিন বন-জঙ্গল উজাড় হয়ে যাচ্ছে। আর কমে যাচ্ছে পাখির সংখ্যা। প্রাকৃতিকভাবে এ গাছ জন্মাতে পাখি সহায়ক ভূমিকা পালন করে থাকে। এই ফলের ঔষধিগুণও রয়েছে। প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে নাম না জানা নানা গাছ। এসব গাছ সংরক্ষণ করা প্রযোজন।