ওসমান হাদিকে গুলি করে ফয়সাল, মোটরসাইকেল চালাচ্ছিলেন আলমগীর: ডিএমপি

0
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস এন মো. নজরুল ইসলাম।

লোকসমাজ ডেস্ক ॥ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির ওপর গুলি চালানো ব্যক্তি ও তার সহযোগী মোটরসাইকেল চালককে শনাক্ত করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পুলিশ জানায়, মোটরসাইকেলের পেছনে বসে হাদির মাথায় গুলি চালান ফয়সাল করিম মাসুদ এবং মোটরসাইকেল চালান আলমগীর শেখ।

রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে ডিএমপি সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম।

তিনি বলেন, মোটরসাইকেলে করে ঘটনাস্থলে এসে ফয়সাল করিম মাসুদ গুলি চালান এবং আলমগীর শেখ মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। ভিডিও ও ছবি বিশ্লেষণের মাধ্যমে তাদের শনাক্ত করা হয়েছে।

অতিরিক্ত কমিশনার জানান, চিহ্নিত এই দুইজনকে গ্রেপ্তারে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। এখন পর্যন্ত তাদের দেশের বাইরে পালিয়ে যাওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি। তবে তারা যেন দেশত্যাগ করতে না পারে, সে জন্য বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং দেশের সব বন্দরকে সতর্ক করা হয়েছে।