দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু

0
দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের সমো এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানটির বাইরের দৃশ্য।। ছবি: সংগৃহীত
দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের সমো এলাকায় একটি বাণিজ্যিক দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ছয়জন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক প্রাবাসি গুরুতর দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গত সোমবার (২৭ জুলাই) রাত আনুমানিক ৩টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনাস্থলটি ইস্টার্ন কেপের কুইন্সটাউন (বর্তমান কোমানি) শহর থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে অবস্থিত। অগ্নিকাণ্ডের সময় ওই দোকানের ভেতরের আবাসিক কক্ষে মোট সাতজন বাংলাদেশি ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে হঠাৎ আগুনের তীব্রতা ছড়িয়ে পড়লে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করে স্থানীয় কুইন্সটাউন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের মধ্যে চারজনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। তাঁরা হলেন—মো. ফয়সাল (২৫), মো. ফাহিম (২৮), শামীম হাসান (৩০) ও মোহাম্মদ আপন (২৪)। নিহত বাকি দুজনের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

প্রাপ্ত তথ্য মতে, নিহত প্রবাসীদের সবার বাড়ি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার কুতুবপুর ইউনিয়নের কুরুগেশ্বর এলাকায়।

অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। ঘটনার পর স্থানীয় পুলিশ অগ্নিকাণ্ডের উৎস ও কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

প্রবাসীদের এমন আকস্মিক ও ভয়াবহ মৃত্যুতে দক্ষিণ আফ্রিকায় বসবাসরত বাংলাদেশিদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন প্রবাসীকেন্দ্রিক সামাজিক সংগঠন নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে তাঁদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।

দক্ষিণ আফ্রিকায় প্রবাসীদের অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনা এই প্রথম নয়। এর আগে ২০১৮ সালের ২০ অক্টোবর দেশটির ব্রিটস শহরের একটি দোকানে আগুন লেগে ফেনীর একই পরিবারের তিনজনসহ চার বাংলাদেশি প্রাণ হারান। এ ছাড়া ২০২৪ সালের ৩০ অক্টোবর পিটারম্যারিটজবার্গের এক বাণিজ্যিক কমপ্লেক্সে অগ্নিকাণ্ডে আরও দুই বাংলাদেশির মৃত্যু হয়েছিল।