শ্রমিকেরা কাজ না করলে আগামীকাল থেকে কারখানা বন্ধের ঘোষণা মালিকদের

0
পোশাকশ্রমিকেরা কাজে যোগ না দিলে আগামীকাল রোববার থেকে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন তৈরি পোশাকশিল্পের মালিকরা।। ছবি: সংগৃহীত

লোকসমাজ অনলাইন ডেক্স ॥ পোশাকশ্রমিকেরা নির্ধারিত সময়ে কাজে যোগ না দিলে আগামী কাল থেকে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ করে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ। এই ধারায় কারখানা বন্ধ থাকলে শ্রমিকেরা কোনো মজুরি পান না, অর্থাৎ ‘কাজ নেই তো মজুরিও নেই’ নীতি কার্যকর হয়।

আজ শনিবার ঢাকার উত্তরায় বিজিএমইএ কার্যালয়ে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান। এর আগে সকালে দুই সংগঠনের যৌথ মতবিনিময় সভায় এক হাজারের বেশি পোশাক কারখানার মালিক অংশ নেন।

সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি জানান, বর্তমানে সাভার, আশুলিয়া ও গাজীপুরে ৫৫টি কারখানা শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে এবং শ্রমিক বিক্ষোভের কারণে আরও ৯২টি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে।

আগামীকাল থেকে যেসব কারখানায় উৎপাদন স্বাভাবিক রাখা সম্ভব হবে না, সেগুলোর মালিকেরা চাইলে ১৩(১) ধারায় কারখানা বন্ধ রাখতে পারবেন। এছাড়া আগামী সোমবার মজুরি বোর্ডে মালিকপক্ষ তাদের সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরবে উল্লেখ করে তিনি জানান, যদি শিল্পাঞ্চলে বিশৃঙ্খলা ও আন্দোলন অব্যাহত থাকে, তবে বোর্ডের পরবর্তী আলোচনায় অংশ নেওয়া হবে কি না, সে বিষয়েও আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে এর বিপরীতে গত শুক্রবার পাঁচটি শ্রমিক সংগঠনের জোটের যৌথ সংবাদ সম্মেলন থেকে শ্রমিকদের ধৈর্য ও সংযম বজায় রাখার আহ্বান জানানো হয়েছিল। শ্রমিকনেতারা জানান, ন্যায্য মজুরি নির্ধারণের জন্য ইতিমধ্যেই মজুরি বোর্ডের কার্যক্রম চলমান রয়েছে এবং এই প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে—এমন কোনো উসকানি বা অপতৎপরতার সঙ্গে শ্রমিকদের যুক্ত হওয়া উচিত নয়।

তাঁরা মজুরি বোর্ডকে আলোচনার যথাযথ সুযোগ দিতে শ্রমিকদের অবিলম্বে কাজে যোগ দেওয়ার অনুরোধ জানান এবং মালিকপক্ষকে আলোচনার মাধ্যমে উদ্ভূত সমস্যার সমাধান করার আহ্বান জানান। উল্লেখ্য, পোশাকশ্রমিকেরা গত মাস থেকে মূলত মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন।

সরকার গত ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড গঠন করার পর গত সোমবার বোর্ডের দ্বিতীয় বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধি ন্যূনতম ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব পেশ করেন এবং আগামী সোমবার বোর্ডের তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মজুরি বোর্ডের আলোচনা শুরু হওয়ার পর শিল্পাঞ্চলের পরিস্থিতির আংশিক উন্নতি হলেও তা এখনো সম্পূর্ণ শান্ত হয়নি।