ওমানে গাড়ির ভেতর থেকে চট্টগ্রামের প্রবাসী চার ভাইয়ের লাশ উদ্ধার

0
বিয়ের কেনাকাটায় বের হয়ে গাড়িতেই মৃত্যু, ওমানে চট্টগ্রামের চার ভাইয়ের লাশ উদ্ধার ।। ছবি: সংগৃহীত

বিয়ের কেনাকাটা করতে একসঙ্গে বের হয়েছিলেন চার ভাই। সেই যাত্রাই হয়ে উঠল জীবনের শেষ যাত্রা। ওমানের মুলাদ্দা এলাকায় একটি গাড়ির ভেতর থেকে বুধবার (১৩ মে) চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার একই পরিবারের চার সহোদরের মৃতদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। এই মর্মান্তিক সংবাদে শোকে স্তব্ধ হয়ে পড়েছে রাঙ্গুনিয়ার লালানগর ইউনিয়নের বান্দারাজার পাড়া এলাকা।

নিহত চার ভাই হলেন রাসেদুল ইসলাম, শাহেদুল ইসলাম, সিরাজুল ইসলাম ও শহিদুল ইসলাম। তারা সবাই লালানগর ইউনিয়নের বান্দারাজার পাড়ার একই পরিবারের সন্তান। দীর্ঘদিন ধরে জীবিকার তাগিদে ওমানে অবস্থান করছিলেন তারা।

পারিবারিক সূত্রে জানা যায়, তাদের এক ভাইয়ের বিয়ে নির্ধারিত হওয়ায় বাড়িতে চলছিল আনন্দের প্রস্তুতি। শিগগিরই দুই ভাইয়ের দেশে ফেরার কথা ছিল। এই পরিস্থিতিতে বিয়ের কেনাকাটার উদ্দেশ্যে চার ভাই একসঙ্গে বের হয়েছিলেন। কিন্তু আর ফেরা হয়নি তাদের।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৮টার দিকে স্থানীয় লোকজন গাড়ির ভেতরে চারজনকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের মৃত অবস্থায় উদ্ধার করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত ক্লান্তির কারণে তারা গাড়িতে এসি চালু রেখে ঘুমিয়ে পড়েছিলেন এবং এসির গ্যাস লিকেজ বা বিষক্রিয়াজনিত কারণে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত চলছে বলে ওমান পুলিশ জানিয়েছে।

ওমানে অবস্থানরত একই এলাকার বাসিন্দা ও নিহতদের মামাতো ভাই বাবুর মাধ্যমে দেশে প্রথম এই সংবাদ পৌঁছায়। পরে লালানগর ইউনিয়নের মো. ইয়াকুব বিষয়টি নিশ্চিত করেন। বর্তমানে চার ভাইয়ের মৃতদেহ রোস্তাক থানার হেফাজতে রয়েছে এবং মাস্কাটে স্থানান্তরের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

যে বাড়িতে কয়েকদিনের মধ্যেই বিয়ের সানাই বাজার কথা ছিল, সেই বাড়িতে এখন কেবল কান্নার শব্দ। স্বজনরা অপেক্ষায় আছেন চার ভাইয়ের মৃতদেহ দেশে ফেরার।