ওমরাহ পালন আর হলো না: সৌদির সড়কে প্রাণ গেল ফরিদপুরের মা ও দুই সন্তানের

0
সৌদির সড়কে প্রাণ গেল ফরিদপুরের মা ও দুই সন্তানের
নিহত তানিয়া তাহমিনা রিনা, তার ছেলে তাসবিক ও মেয়ে জারা - লোকসমাজ

লোকসমাজ ডেস্ক, লোকসমাজ : সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের মা ও দুই সন্তান নিহত হয়েছেন। এ ঘটনায় পরিবারের কর্তা ও তাদের আরেক ছেলে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ সময় দুপুর ৩টার দিকে সৌদি আরবের রিয়াদ থেকে মক্কা যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—তানিয়া তাহমিনা রিনা (৪৫), তার ছেলে তাসবিক (২০) ও মেয়ে জারা (১৫)। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন রিনার স্বামী শফিকুল ইসলাম খোকন ও তাদের বড় ছেলে নাবিল।

নিহত তানিয়া তাহমিনা রিনা ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম নাজিমুদ্দিন মোল্লার সেজো মেয়ে। রিনার স্বামীর বাড়ি কিশোরগঞ্জের ভৈরব এলাকায়। তবে তারা দীর্ঘদিন ধরে পরিবারসহ সৌদি আরবে বসবাস করছিলেন।

সৌদির সড়কে প্রাণ গেল
দুর্ঘটনাং কবলিত গাড়ি= লোকসমাজ

নিহত রিনার মামাতো ভাই নাসিম আহমেদ কবীর জানান, বৃহস্পতিবার সকালে শফিকুল ইসলাম খোকন স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে একটি প্রাইভেটকারে করে রিয়াদ থেকে ওমরাহ পালনের উদ্দেশ্যে মক্কার দিকে রওনা হন। রিয়াদ থেকে প্রায় ৩০০ কিলোমিটার যাওয়ার পর তাদের গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই রিনা ও তার দুই সন্তান নিহত হন। গুরুতর আহত হন শফিকুল ইসলাম খোকন ও তাদের বড় ছেলে নাবিল।

নিহত রিনার ভাই তৌহিদ মোহাম্মাদ মুরাদ বলেন, ‘আমার বোন ও ভগ্নিপতি তাদের তিন সন্তানকে নিয়ে রিয়াদ থেকে মক্কা যাচ্ছিলেন। পথে পেছন দিক থেকে একটি বড় গাড়ি তাদের প্রাইভেটকারটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আমার বোন, ছোট ভাগ্নে ও ভাগ্নি মারা যায়। আশঙ্কাজনক অবস্থায় আমার ভগ্নিপতি ও বড় ভাগ্নেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

এ ঘটনায় নিহতদের গ্রামের বাড়ি ফরিদপুরের সালথা ও কিশোরগঞ্জের ভৈরবে শোকের ছায়া নেমে এসেছে।