এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে যশোরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে যশোরে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ১১টা বাজতেই যশোর শহরের চৌরাস্তায় জড়ো হতে থাকেন জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

ছবি: লোকসমাজ।

এ সময় বিক্ষোভকারীরা ‘আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না, ‘জিলানী ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে’ সহ বিভিন্ন স্লোগান দেন।

পরে চৌরাস্তা থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দড়াটানা ভৈরব চত্বরে গিয়ে মিছিলটি শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল।

তিনি বলেন, যেখানেই আওয়ামী লীগের নেতাকর্মীদের দেখা যাবে, সেখানেই তাঁদের প্রতিরোধ করা হবে। বুধবার থেকে যেকোনো কর্মসূচি আসতে পারে উল্লেখ করে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

একই সঙ্গে বুধবার বিকেল সাড়ে ৩টায় শহরের সিভিল কোর্ট মোড় থেকে জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে বলে জানান মোস্তফা আমির ফয়সাল।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন জেলা যুবদলের সদস্যসচিব আনছারুল হক রানা, নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা তরফদার রয়েল, সদস্যসচিব সাইফুল বাশার সুজন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম ও সদস্যসচিব রাজু আহমেদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

উল্লেখ্য, মঙ্গলবার রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাজার এলাকায় সংসদ সদস্য এস এম জিলানীর পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।