নৌযান শুমারি উপলক্ষে যশোরে বর্ণাঢ্য র‌্যালি

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ ‘নৌযান শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি’, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো যশোরেও শুরু হয়েছে নৌযান শুমারি-২০২৬। এ উপলক্ষে রোববার সকালে যশোরে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১০টায় জেলা পরিসংখ্যান কার্যালয়ের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে র‌্যালিটি বের করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার।

র‌্যালিতে জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো. আবুল হোসেন, উপজেলা পরিসংখ্যান কার্যালয়, যশোর সদরের পরিসংখ্যান কর্মকর্তা নীলা প্রিয়া ময়ূরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।

জেলা পরিসংখ্যান কার্যালয় সূত্রে জানা গেছে, ২০ থেকে ২৯ আগস্ট পর্যন্ত নৌপরিবহন অধিদপ্তর ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) যৌথ উদ্যোগে সারাদেশে নৌযান শুমারি পরিচালিত হচ্ছে।

শুমারির আওতায় দেশের সমুদ্রগামী, উপকূলীয় ও অভ্যন্তরীণ জলসীমায় চলাচলকারী ইঞ্জিনচালিত নৌযানের তথ্য সংগ্রহ করা হবে। সংগৃহীত তথ্যের ভিত্তিতে নৌযান খাতের একটি সমন্বিত তথ্যভান্ডার গড়ে তোলার পাশাপাশি এ খাতের উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে প্রয়োজনীয় পরিসংখ্যান পাওয়া যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

নৌপরিবহন খাতের সঠিক পরিকল্পনা ও ব্যবস্থাপনা নিশ্চিত করতে নির্ভুল তথ্য সংগ্রহের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এ শুমারির মাধ্যমে দেশের নৌযান খাতের বর্তমান চিত্র আরও স্পষ্ট হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন।