মাইক্রোসফটের বিপর্যয়ের পর এবার জিমেইল ও অ্যাপলের অ্যাপ সেবায় বিঘ্ন

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ বিশ্বজুড়ে একের পর এক প্রযুক্তিগত বিপর্যয়ের মধ্যে এবার সমস্যার মুখে পড়েছে অ্যাপল ও গুগল। মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রতিষ্ঠান দুটির বেশ কয়েকটি জনপ্রিয় সেবা ব্যবহারে বিঘ্ন ঘটে। এর মধ্যে রয়েছে অ্যাপলের আইক্লাউড, অ্যাপল পে এবং গুগলের ইমেইল সেবা জিমেইল।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ওয়েবসাইট ডাউনডিটেক্টরে হাজার হাজার ব্যবহারকারী এসব সেবা ব্যবহারে সমস্যার কথা জানান। অ্যাপলও তাদের কয়েকটি সেবায় সাময়িক বিঘ্নের বিষয়টি স্বীকার করেছে। তবে প্রতিষ্ঠানটির দাবি, সমস্যাগুলোর সমাধান করা হয়েছে।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটে অ্যাপলের সিস্টেম স্ট্যাটাস পেজে অ্যাপ স্টোর, আইক্লাউড মেইল, আইক্লাউড ওয়েব অ্যাপস ও অ্যাপলকেয়ারসহ একাধিক সেবায় ত্রুটির তথ্য প্রকাশ করা হয়।

অ্যাপলের এক মুখপাত্র জানান, সকালে অভ্যন্তরীণ একটি আপডেটের কারণে কয়েকটি সেবায় সমস্যা দেখা দিয়েছিল। বর্তমানে অধিকাংশ সিস্টেম স্বাভাবিক হয়েছে। বাকি সেবাগুলোও দ্রুত সচল করতে কাজ চলছে।

তবে গুগল জিমেইলে বড় ধরনের বিপর্যয়ের খবর নাকচ করেছে। প্রতিষ্ঠানটির এক মুখপাত্রের ভাষ্য, তাদের অভ্যন্তরীণ পর্যবেক্ষণে জিমেইলের ব্যাপক সেবা বিঘ্নের কোনো প্রমাণ পাওয়া যায়নি। গুগল ওয়ার্কস্পেসের স্ট্যাটাস ড্যাশবোর্ডে সেবাগুলোর সর্বশেষ পরিস্থিতি জানার সুযোগ রয়েছে বলেও জানান তিনি।

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে প্রযুক্তিগত অবকাঠামোয় একের পর এক ত্রুটি দেখা যাচ্ছে। এর প্রভাব পড়ছে বিমান চলাচল, ব্যাংকিং থেকে শুরু করে ইমেইল যোগাযোগের মতো গুরুত্বপূর্ণ সেবায়।