উপশহরে ইমু হত্যার তিন বছরেও চার্জশিট দিতে পারেনি পিবিআই

0

মীর মঈন হোসেন মুসা ॥ যশোরের উপশহরে সন্ত্রাসীদের হাতে যুবক এহসানুল হক ইমু খুন হওয়ার তিন বছর পার হলেও এখনও মামলার চার্জশিট দিতে পারেনি তদন্ত সংস্থা পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন)।
এ ঘটনায় জড়িত অভিযোগে তদন্ত সংস্থা পিবিআই বিভিন্ন সময় ৯ জনকে আটকও করে। যার মধ্যে ৭ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তদন্ত কর্মকর্তা বলছেন, শিগগিরই হত্যা মামলার চার্জশিট আদালতে দাখিল করবেন তিনি। হত্যার সাথে জড়িতের শাস্তি নিশ্চিত করতেই চার্জশিট দিতে বিলম্বের কারণ বলে তিনি দাবি করেছেন। অপরদিকে ৩ বছর পার হয়ে গেলেও সন্তান হত্যার বিচার না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন নিহতের পিতা সৈয়দ ইকবাল হোসেন ইকু।
উপশহর বি-ব্লকের বাসিন্দা সৈয়দ ইকবাল হোসেন ইকুর ছোট ছেলে সৈয়দ এহসানুল হক ইমু ২০২০ সালের ২১ জুন সন্ধ্যারাতে শিশু হাসপাতালের বিপরীতে জনৈক রয়েলের চায়ের দোকানে ভেতর সন্ত্রাসীদের ছুরিকাঘাতে খুন হন। কয়েকজন দুর্বৃত্ত প্রতিপক্ষ এক দুর্র্বৃত্তকে মারধর করছিলো ওই দোকানের ভেতর। এ সময় ইমু হামলাকারীদের নিবৃত্ত করতে গিয়ে তাদের ছুরিকাঘাতে খুন হন। এ ঘটনায় নিহতের পিতা সৈয়দ ইকবাল হোসেন ইকু ২২জন ও অজ্ঞাতনামা আরও ১০/১৫ জনকে আসামি করে কোতয়ালি থানায় মামলা করেন। মামলা প্রথমে কোতয়ালি থানা পুলিশের তৎকালীন এসআই কামাল হোসেন তদন্ত করেন। পরবর্তীতে মামলাটির তদন্তের দায়িত্ব পান পিবিআই যশোরের এসআই ¯েœহাশিস দাশ। তিনি তথ্য প্রযুক্তি এবং বিভিন্ন তথ্যের ভিত্তিতে বিভিন্ন সময় হত্যার সাথে জড়িত অভিযোগে ৯ জনকে আটক করেন। এ সময় কয়েকজনের কাছ থেকে চাকুসহ বিভিন্ন প্রকার ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
আটকরা হলেন, যশোর শহরের পুরাতন কসবা এলাকার সোহাগ রহমান, মাসুদ পারভেজ, বিপ্লব হোসেন বাবু, আসিফ হাসান, আল শাহরিয়ার, ফারদিন হাসান দুর্জয়, শাহিন সরদার, আসাদুজ্জামান সুইট ও ইয়াসিন।
তদন্ত কর্মকর্তা পিবিআই-এর এসআই ¯েœহাশিস দাশ জানান, আটকরা সকলেই ইমু হত্যার সাথে জড়িত বলে তথ্য প্রমাণ মিলেছে। এর মধ্যে ৭ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। কিন্তু হত্যায় জড়িত সকলেই এক বছর আগে আটক হওয়ার পরও কেন চার্জশিট দেওয়া হচ্ছে না এমন প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, শুধু আসামি আটক নয়, তাদের শাস্তি নিশ্চিত করতে সাক্ষীর প্রয়োজন হয়। যারা প্রত্যক্ষ সাক্ষী তাদের খুঁজে বের করে আদালতে সাক্ষ্য দেওয়াতে হয়। চার্জশিট তৈরিকালে তাদের বক্তব্য গ্রহণের পর সংযুক্ত করতে হয়। এ কারণে চার্জশিট দিতে তাদের বিলম্ব হয়। তবে তারা ইমু হত্যা মামলার চার্জশিট শিগগিরই আদালতে দাখিল করতে পারবেন বলে আশা করছেন।
নিহতের পিতা সৈয়দ ইকবাল হোসেন ইকু জানান, তার ছেলেকে কে বা কারা হত্যা করেছে তা তারা জানেন না। কিন্তু যারা তার ছেলেকে হত্যা করেছে তাদের শাস্তি চান তিনি। তবে ৩ বছর পার হয়ে গেলেও ছেলে হত্যার বিচার না পাওয়ায় কিছুটা হতাশ হয়ে পড়েছেন।
যশোর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. আবু মোর্তজা ছোট জানান, তদন্ত সংস্থা যদি চার্জশিট দিতে বিলম্ব করে সেই ক্ষেত্রে মামলার বাদী এ বিষয়ে আদালতে আবেদন জানাতে পারেন।