উগ্রবাদী সংগঠন ‘ফাতাহ কমব্যাটে’ জড়িত অভিযোগে যশোর থেকে গ্রেপ্তার তরুণ তাহসীন কারাগারে

0
উগ্রবাদী সংগঠন ‘ফাতাহ কমব্যাটে’ জড়িত অভিযোগে যশোর থেকে গ্রেপ্তার তরুণ তাহসীন কারাগারে।। ছবি: সংগৃহীত
উগ্রবাদী কর্মকাণ্ড বা ‘ফাতাহ কমব্যাট সিস্টেমে (এফসিএস)’ জড়িত থাকার অভিযোগে যশোর থেকে গ্রেপ্তার হওয়া তরুণ তাহসীন ইসলামকে (১৯) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ শুক্রবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর শুনানি শেষে এই আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) এ বি সিদ্দিক আসামিকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন। বেলা ৩টা ৫০ মিনিটে পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে তাহসীনকে কাঠগড়ায় তোলা হয় এবং বিকেল সোয়া চারটায় শুনানি শুরু হয়।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, ফাতাহ কমব্যাট সংগঠনে জড়িত ব্যক্তিদের সম্পর্কে সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিকে রিমান্ডে নেওয়া প্রয়োজন। শুনানির সময় আদালত আসামির কাছে কিছু বলার আছে কি না জানতে চাইলে তাহসীন বলেন, ‘আমি নির্দোষ। আমার আর কিছু বলার নেই।’
কোনো আইনজীবী আছে কি না বিচারকের এমন প্রশ্নে তিনি ‘না’ সূচক জবাব দেন। শুনানি শেষে আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন এবং আগামী ২৬ জুলাইয়ের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাহসীন আলোচিত ‘ফাতাহ কমব্যাট সিস্টেম’ নামে একটি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। তবে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, যশোরে এই সংগঠনটির কোনো সক্রিয় সদস্য বা সাংগঠনিক কার্যক্রম নেই।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তাহসীন ইসলামকে তাঁর নিজ বাড়ি থেকে আটক করে। অভিযানের সময় তাঁর ঘরে তল্লাশি চালিয়ে একটি চাপাতি ও বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মিরাজুল ইসলাম জানান, মূলত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগে তাহসীন ইসলামের নামে মামলা থাকায় তাঁকে আটক করা হয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে একটি ডাকাতি মামলাও আছে। আটকের পর রাতেই তাঁকে সিটিটিসি সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।