ঈদ বাজার কাজের চাপ নেই দর্জিপাড়ায় অর্ডার নেওয়া বন্ধ হচ্ছে না

0

মাসুদ রানা বাবু ॥ আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতরকে কেন্দ্র করে তৈরি পোশাকের কাঙ্খিত অর্ডার না পেয়ে হতাশ হয়ে পড়েছেন যশোরে দর্জি পাড়ার কারিগর ও কাটিং মাস্টাররা। তারা বলছেন, প্রতি বছর এই উৎসবের দিকে তারা চেয়ে থাকেন। এখান থেকে তাদের বড় ধরনের উপার্জন হয়। যা বছরের অন্য কোনো উৎসবে হয় না।
গত শনিবার এই প্রতিবেদক শহরের এইচ এম এম রোডস্থ বেশ কয়েকটি তৈরি পোশাকের দোকানে যান। সেখানে দোকান মালিক থেকে শুরু করে পোশাক তৈরির কারিগর,কাটিং মাস্টারদের সাথে কথা বলে এমন চিত্র উঠে আসে।
নকশী কুটিরের কাটিং মাস্টার আশরাফুল ইসলাম বলেন, প্রতি বছর ১০ রমজানের পর কাজের চাপে নিঃশ্বাস ফেলার উপায় থাকে না। কিন্তু এবারের চিত্র সম্পূর্ণ ভিন্ন। ১০ রমজানের পর ‘অর্ডার নেওয়া বন্ধ’ লেখা ব্যানার টাঙাতে হয়। কিন্তু এবার সেই অবস্থা নেই। আমরা পুরোপুরি হতাশ।
একই প্রতিষ্ঠানের কারিগর মোহাম্মদ আলী বলেন, বিগত বছরে ১০ রমজানের পর রাত-দিন ২৪ ঘন্টা বিরামহীন কাজ করেছি দুটো পয়সার আশায়। সারা বছর কোনরকম কাজ চললেও আমরা মূলত উৎসবের দিকে চেয়ে থাকি। তার মধ্যে আমাদের সব চেয়ে বেশি কাজ হয় ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে। আগের মত কোনো কাজের চাপ নেই। যা আছে সেটি ছোট খাটো উৎসবের মত। যে কারণে এবার অধিকাংশ টেইলার্সের দোকানে কারিগরের সংখ্যা বিগত বছরের তুলনায় কম।
রোজ টেইলার্সের কাটিং মাস্টার শামসুর রহমানও একই কথা জানান। তিনি বলেন, আমরা কেবলমাত্র মহিলাদের পোশাক তৈরি করি। প্রতি রমজানের ঈদকে কেন্দ্র করে পোশাক তৈরি করেই ঠিক সময়মতো ডেলিভারি দেওয়া অনেক কষ্টসাধ্য হয়ে দাড়ায়। বিশেষ করে ১৫ রজমানের পর কাজের চাপে কারও সাথে কথা বলার সময় থাকে না। সেখানে এবার কাজের চাপ কম হওয়ায় বলা যায়, কিছুটা অলস সময় পার করছি।
যশোর তৈরি পোশাক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, প্রতি বছর শবে বরাতের পর ঈদের পোশাকের অর্ডার আসতে শুরু হয়। রমজান মাস আসতে না আসতেই তা কয়েকগুণ বেড়ে যায়। কিন্তু এবার অর্ডার বন্ধ করার মত কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি। ১৯ রমজান পার হলেও আমরা অর্ডার নিয়েছি। রমজানের শেষ পর্যন্ত অর্ডার নিতে থাকবো। তিনি বলেন, দুর্মূল্যোর বাজারে মারাত্মক প্রভাব পড়েছে ঈদের কেনা কাটায় । তাছাড়া সিট কাপড়ের দাম গত বছরের চেয়ে একটু বেশি। যে কারণে অনেকেই তেরি পোশাকের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছেন।