ইরানের জ্বালানি তেল আমদানিতে বিরক্ত ইসরাইল ও যুক্তরাষ্ট্র : হিজবুল্লাহ

0

লোকসমাজ ডেস্ক॥ লেবাননের হিজবুল্লাহ প্রধান সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, ইরান থেকে লেবাননের জন্য জ্বালানি তেলের যে চালান আসছে তাতে বিরক্ত হয়েছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র। তিনি জানান, ইরান থেকে লেবাননের পথে দু’তেলবাহী জাহাজ রয়েছে এবং দ্রুতই তৃতীয় জাহাজ রওনা হবে। হাসান নাসরুল্লাহ শুক্রবার লেবাননের রাজধানী বৈরুতে দেয়া বক্তৃতায় এ কথা বলেন। আল-মানার টেলিভিশন চ্যানেল তার এ বক্তব্য সম্প্রচার করেছে। হাসান নাসরুল্লাহ বলেন, লেবাননে জ্বালানি সঙ্কট দূর করার জন্য তেহরানের সাথে আরো একটি চুক্তি হয়েছে। এ চুক্তি অনুসারে জ্বালানি ভর্তি তৃতীয় ট্যাংকার পাঠাবে ইরান।
হিজবুল্লাহ প্রধান বলেন, ‘তৃতীয় জাহাজে করে ইরানের জ্বালানি তেল আমদানিতে আমরা সম্মত হয়েছি। ইরানি জ্বালানি তেলের চালান নিয়ে যেসব সন্দেহ প্রকাশ করা হয়েছিল আগামী কয়েক দিনের মধ্যে তা ভুল বলে প্রমাণিত হবে এবং প্রথম জাহাজ লেবাননে পৌঁছানোর পর আমাদের কথা সত্য বলে প্রমাণিত হবে। ইরান থেকে তৃতীয় জাহাজ লেবাননের উদ্দেশ্যে রওনা দেয়ার পাঁচ দিন পর এসব কথা বললেন হাসান নাসরুল্লাহ। তিনি আরো বলেন, মার্কিন নিষেধাজ্ঞার কারণে লেবাননের চলমান সঙ্কট দেখা দিয়েছে। এছাড়া, সিরিয়ার বিরুদ্ধে আরোপ করা মার্কিন ও পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাব পড়েছে লেবাননের অর্থনীতির ওপর।
সূত্র : পার্সটুডে