অপপ্রচারের বিরুদ্ধে বেনাপোলে শ্রমিক দলের প্রতিবাদ মিছিল

0
ছবি: সংগৃহীত।

বেনাপোল সংবাদদাতা ॥ অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোরের শার্শায় বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল। মঙ্গলবার সকাল ১০টায় শার্শা উপজেলা ও বেনাপোল পৌর শ্রমিক দলের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন-৯২৫এর কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি বেনাপোল স্থলবন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার আগের স্থানে এসে শেষ হয়। পরে হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান তবি বলেন, রাজনৈতিক অপপ্রচার ও মিথ্যাচার দেশের গণতান্ত্রিক পরিবেশকে নষ্ট করছে। সাধারণ শ্রমিক সমাজ এ ধরনের অপসংস্কৃতির বিরুদ্ধে সবসময় ঐক্যবদ্ধ। দেশের স্বার্থে এবং একটি সুস্থ ধারার রাজনীতি বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।

ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সহিদ আলী বলেন, বিভ্রান্তিমূলক অপপ্রচার চালিয়ে শ্রমিকদের বিভ্রান্ত করা যাবে না। দেশের প্রতিটি সংকটে এবং গণতান্ত্রিক অধিকার আদায়ে শ্রমিক দল রাজপথে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। কুরুচিপূর্ণ রাজনীতির জবাব সাধারণ জনগণই দেবে।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন শ্রমিক নেতা মো. আব্দুল মজিদ, মো. জিয়াউর রহমান, মো. রফিকুল ইসলাম, মো. ইদ্রিস আলী, মো. সবুজ হোসেন, মো. ওমর ফারুকসহ স্থানীয় শ্রমিক দলের নেতাকর্মী।