শার্শায় ড্রেন ভরাটের কারণে ৪০ পরিবার পানিবন্দি

0
ছবি: সংগৃহীত।

আজিজুল ইসলাম, বাগআঁচড়া (যশোর) ॥ শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের রুদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আলমাদিনাতুল ফোরকানিয়া কওমি মাদ্রাসা সংলগ্ন এলাকার পানি নিষ্কাশনের একমাত্র ড্রেনটি মাটি দিয়ে ভরাট করে দেওয়ার অভিযোগ উঠেছে। ফলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও আশপাশের অন্তত ৪০টি পরিবার চরম পানিবন্দি হয়ে পড়েছেন।

স্থানীয়রা জানান, সামান্য বৃষ্টি হলেই পুরো এলাকায় পানি জমে যায়। বর্ষা মৌসুমে ওই স্কুল মাঠে হাঁটু পানি জমে রয়েছে। ফলে কোমলমতি শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসা-যাওয়া ব্যাহত হচ্ছে। একই সাথে মাদ্রাসাপাড়ার চলাচলের প্রধান সড়ক ও ঘরবাড়ি পানির নিচে তলিয়ে রয়েছে।

স্থানীয়রা জানান, ২০২১ সালে তৎকালীন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসান ফিরোজ আহমেদ টিংকু প্রায় ৫০০ ফুটের একটি পাকা ড্রেন নির্মাণ করেন। ড্রেনটি নির্মাণের পর থেকে এলাকার পানি নিষ্কাশন স্বাভাবিক ছিল। কিন্তু বেশ কিছুদিন আগে পারভিন নামে এক নারী তার নিজস্ব জমি বরাবর ড্রেনের অংশটি সম্পূর্ণ মাটি দিয়ে ভরাট করে দেন। এরপর থেকেই মূলত এ এলাকা পানিতে তলিয়ে যাচ্ছে।

ছবি: সংগৃহীত।

রুদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুহুল আমিন বলেন, বর্তমানে স্কুল পরিচালনা কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। নতুন কমিটি গঠনের পর সবার সাথে আলোচনা করে এ বিষয়ে আনুষ্ঠানিক পদক্ষেপ নেওয়া হবে।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত পারভিনের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাড়া মেলেনি। তবে তার মামা ইমানুর রহমান ড্রেন ভরাটের বিষয়টি স্বীকার করে জানান, পারভিনের মালিকানাধীন ৫ শতক জমির ওপর দিয়ে এই ড্রেনটি নির্মাণ করা হয়। ব্যক্তিগত কারণে সে এখন আর তার জমির ওপর দিয়ে পানি প্রবাহিত হতে দিতে রাজি না।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রেহানা বানু জানান, বিষয়টি আমি জানিনা। সাংবাদিকদের মাধ্যমে কেবলমাত্র জানলাম। আমি কায়বা ইউনিয়ন পরিষদের প্রশাসকের সাথে কথা বলে দ্রুত পদক্ষেপ নেব।