চৌগাছায় প্রতিপক্ষের হামলায় বিএনপি নেতা আহত

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর)॥ চৌগাছায় প্রতিপক্ষের হামলায় বিএনপি নেতা রেজাউল ইসলাম (৫৫) আহত হয়েছেন। মঙ্গলবার সকালে চৌগাছা-যশোর সড়কের সিংহঝুলী খাঁ বাড়ি মোড় থেকে তাকে ধরে লস্করপুর গ্রামে নিয়ে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়। তিনি উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও ফতেপুর গ্রামের মহবব্বত আলীর ছেলে। এ ঘটনায় উত্তেজনা বিরাজ করছে।

আহত ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর ৬ টার দিকে চাচাতো ভাইকে সাথে নিয়ে রেজাউল ইসলাম যশোর শহরে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে লস্করপুর গ্রামের ছবেদ আলীর ছেলে রাশেদ আলী ও একই গ্রামের ইকবাল হোসেন তার গতিরোধ করে লস্করপুর গ্রামে নিয়ে যায়।

এরপর প্রকাশ্যে তাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও লোহার রড দিয়ে পিটিয়ে জখম করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ইউনুস আলী দ্রুত ছুটে যান হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্যে তাকে যশোরে রেফার করা হয়।

আহত রেজাউল ইসলাম বলেন, গত রোববার চৌগাছার বেড়গোবিন্দপুর বাঁওড়ে হামলায় অংশ নেওয়া রাশেদের ভাই আতিয়ার রহমানের লাশ পাওয়া গেছে। ওই ঘটনায় ক্ষিপ্ত হয়ে রাশেদ ধুলিয়ানী ইউনিয়নের বিএনপির নেতাকর্মীদের ওপর চড়াও হন। এমনকি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুলকে তারা হত্যা করতে তাড়া করেন।

তিনি এখন আত্মগোপনে রয়েছেন। ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি প্রবীণ বিএনপি নেতা আব্দুর রাজ্জাককে রাশেদ অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। তিনি আমাকে পেয়ে সড়ক থেকে তুলে নিয়ে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছেন।

উপজেলা বিএনপির সিনিযর সহসভাপতি ইউনুস আলী দফাদার বলেন, কোন হত্যাই কারো কাছে কাম্য নয়। একটি হত্যাকান্ড হয়েছে। পুলিশ দুইজনকে আটক করেছে। প্রশাসন যেখানে কঠোর অবস্থানে সেখানে কেন একজন নিরীহ ব্যক্তিকে নির্দয়ভাবে মেরে আহত করতে হবে? যারা এই হামলা করেছে তাদের আটক করে দৃষ্টানন্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফারহানা ফেরদৌস বলেন, আমরা প্রাথমিক চিকিৎসা শেষে তাকে যশোরে রেফার করেছি। এক্সরে করার পার হাত পা ভেঙেছে কি- না জানা যাবে।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুতই ঘটনাস্থলে ও পরে হাসপাতালে যায়। এখনো কেউ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।