ইমরানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব বাতিলের বৈধতার রায় বুধবার

0

লোকসমাজ ডেস্ক॥ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে পার্লামেন্টে আনা অনাস্থা প্রস্তাব ডেপুটি স্পিকারের খারিজ করে দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট শুনানির রায় দেওয়ার সময় আরও এক দিন পেছালো। বুধবার এ রায় দেওয়া হবে। প্রধান বিচারপতি উমর আতা বানদাইল জানিয়েছেন, সুপ্রিম কোর্ট রাষ্ট্রীয় ব্যাপার এবং পররাষ্ট্র নীতির ব্যাপারে হস্তক্ষেপ করবে না। আদালত কেবল প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব ডেপুটি স্পিকার কাসিম সুরির খারিজ করার বৈধতা নিরুপণ করবে। ইমরান খানের পতন ঘটাতে রোববার পাকিস্তানের পার্লামেন্টে বিরোধী দলগুলোর জোট বেঁধে আনা অনাস্থা প্রস্তাব এনেছিল। তবে এই অনাস্থা প্রস্তাব ‘সংবিধানসম্মত নয়’ উল্লেখ করে বাতিল করে দেন অধিবেশন পরিচালনাকারী ডেপুটি স্পিকার কাসিম সুরি। এরপর প্রধানমন্ত্রীর প্রস্তাবে পার্লামেন্ট ভেঙে দেন প্রেসিডেন্ট আরিফ আলভি। অনাস্থা প্রস্তাব বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে রিট করে বিরোধী দলগুলো। সোমবার থেকে এই রিটের শুনানি শুরু হয়েছে। মঙ্গলবার অনাস্থা প্রস্তাব নিয়ে পার্লামেন্টের কার্যবিবরণীর নথি চেয়েছে প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের বেঞ্চ। বুধবার সব পক্ষের শুনানি শেষ হলে রায় দেওয়া হবে জানিয়েছে বেঞ্চ।