ইবির খাবারের হোটেলে ইচ্ছেমতো দাম বাড়ানোর অভিযোগ

0

 

ইমানুল সোহান,ইবি॥ মূল্যতালিকা ছাড়াই চলছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের খাবারের হোটেলগুলো। তালিকা না থাকায় ইচ্ছেমতো খাবারের দাম রাখেন দোকানিরা। একাধিক শিক্ষার্থী বলেছেন, ‘বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড়, আম বাগানসহ ক্যাম্পাসের অভ্যন্তরীণ দোকানগুলোতে খাবারের কোনরকম মূল্য তালিকা নেই। ফলে অতিরিক্ত মূল্য রাখেন হোটেল মালিকরা। এ নিয়ে ক্ষুদ্ধ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হতে নির্ধারিত খাবারের মূল্যতালিকা চাই আমরা।’ক্যাম্পাস সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ে ছোট-বড় মিলে প্রায় ১০টি খাবারের হোটেল রয়েছে। এছাড়াও আবাসিক আটটি হলের রয়েছে নিজস্ব ডাইনিং ব্যবস্থা। এদিকে টিএসসিসিতে রয়েছে কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া। তবে কোন জায়গাতেই নেই খাবারের মূল্য তালিকা। ফলে ইচ্ছেমতো দোকানিরা খাবারের মূল্য নির্ধারণ করে থাকেন। জিয়া মোড় ও আমবাগান এলাকায় অবস্থিত দোকানগুলোতে সর্বনিম্ন ৩০ এবং সর্বোচ্চ ১২০ টাকায় খাবার পাওয়া যায়। দিনের পরিক্রমায় দোকানিরা মূল্য বৃদ্ধি করেছেন কয়েক দফায়। এছাড়াও এসব দোকানের খাবারের মান নিয়েও শিক্ষার্থীদের বিস্তর অভিযোগ রয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, ‘বাসি খাবার পরিবেশন, চাল, সবজিসহ রান্না সামগ্রী ভালোভাবে পরিস্কার না করেই খাবার পরিবেশন করা হয়। একই পানিতে পেল্ট ও গ্লাস পরিস্কার করা হয়। এছাড়াও দিন শেষে অবশিষ্ট খাবারগুলো ফ্রিজে রাখা হয়। একই খাবার গরম করে পুনরায় আমাদের খাওয়ানো হয়।’ এসব অভিযোগে বিভিন্ন সময়ে বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন সিওয়াইবি খাবার হোটেলগুলোতে অভিযান চালায়। দোকানগুলোতে খাবারের মূল্যতালিকা নিশ্চিতে তারা কাজ করে যাচ্ছে। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এসব বিষয়ে তেমন সরব হতে দেখা যায়নি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সিওয়াইবি শাখার সাধারণ সম্পাদক আজিুজল হক মিরাজ বলেন, ‘বিভিন্ন সময়ে আমরা খাবার দোকানগুলোতে অভিযান চালাই। এর পরে কিছুদিন খাবারের মান ঠিক থাকে। এছাড়া বিষয়গুলো নিয়ে আমরা কর্তৃপক্ষের সাথে কয়েকবার বসেছি। কিন্তু সমাধান হয়নি।’এ বিষয়ে ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. সেলিনা নাসরীন বলেন, ‘ বিষয়গুলো নিয়ে প্রক্টর ও দোকান মালিকদের সাথে আমরা বসেছি। মূল্য তালিকা লাগানোর প্রক্রিয়া চলছে। খুব শিগগির এই বিষয়টির সমাধান করা হবে।’