ইবিতে ছাত্রী নির্যাতন ‘এমন ঘটনার পুনরাবৃত্তি চাই না’ বললেন ফুলপরী

0

ইমানুল সোহান, ইবি॥ ‘আমার ওপর যে অমানবিক নির্যাতন চালানো হয়েছে, সেটার পুনরাবৃত্তি চাই না আমি। বিশ্ববিদ্যালয়গুলো যেন শিক্ষার্থীদের নিরাপদ আশ্রয় হয় এটাই চাই আমি। এজন্য লড়াই চালিয়ে যাচ্ছি। এ ঘটনার সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তি চাই। দৈনিক লোকসমাজের সাথে আলাপকালে একথা বলেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে দেশরত্ন শেখ হাসিনা হলের ছাত্রলীগ নেত্রী কর্তৃক নির্যাতনের শিক্ষার ছাত্রী ফুলপুরী। এদিকে তদন্তের স্বার্থে ঘটনার পর পাবনার গ্রামের বাড়ি থেকে চারবার ক্যাম্পাসে আসতে হয়েছে তাকে। এতে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন ভুক্তভোগী। এমনকি ভ্যানচালক পিতা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানান তিনি।
এ বিষয়ে লোকসমাজের সাথে কথা হয় ভুক্তভোগীর পিতার। ভ্যানচালক পিত আতাউর রহমান বলেন, ‘আমার বাড়ি থেকে ক্যাম্পাসে আসতে অনেক বেগ পোহাতে হয়। বাড়ি থেকে ৩০ কিলোমিটার পথ ভ্যানে পাড়ি দিয়ে আসতে হয় পদ্মানদীর ঘাট পর্যন্ত। সেখান থেকে ইঞ্জিনচালিত নৌকায় শিলাইদহ (কুমারখালী, কুষ্টিয়া) ঘাটে পৌঁছাতে হয়। এরপর কয়েক দফা গাড়ি পরিবর্তন করে ক্যাম্পাসে আসতে হয়। তিনি বলেন, দীর্ঘ এ পথ আসা- যাওয়ায় মোট ৮ ঘণ্টা সময় ব্যয় হয়। দুইজনের ৬শ টাকা ভাড়া লাগে। এভাবে টানা আসা যাওয়ায় আমার মেয়ে অসুস্থ হয়ে পড়েছে। আমি নিজেও অসুস্থ হয়ে পড়ছি। যেখানে আমার একদিন কাজ না করলে পেট চলে না, সেখানে কয়েকদিন ধরে কোনো কাজ করতে পারছি না। তিনি বলেন, প্রশাসন চাইলে নিরাপত্তা দিয়ে ক্যাম্পাসেই রাখতে পারতো আমার মেয়েকে। এ পর্যন্ত মোট চারদিন আসছি ক্যাম্পাসে। দেখা গেছে, বিকেলে ফোন দিচ্ছে সকালে আসুন। তখন সকালে কিছু খেয়েই ভ্যানে করে মেয়েকে নিয়ে বের হয়ে পড়ি। তবু আসছি । কেবল সুষ্ঠু বিচারের স্বার্থে। মেয়েটা আমার শারীরিকভাবে অনেক দুর্বল হয়ে পড়েছে। এভাবে টানা জার্নি করে কোনো অনীহা কাজ করছে কিনা এমন প্রশ্নের জবাবে আতাউর রহমান দৃঢ়কণ্ঠে বলেন, না কোনো অনীহা নেই। সুষ্ঠু বিচারের জন্য আমাদের আসতে হবেই। নির্যাতনের বিচাররের দাবিতে আমরা আসব, না আসলে বিচার পাব না।’

এদিকে ছাত্রী নির্যাতনের ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গঠিত তদন্ত কমিটির পর্যালোচনার কাজ শুরু করেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. রেবা মন্ডলের কক্ষে কমিটির সদস্যরা উপস্থিত হয়। এ সময় দেশরত্ন শেখ হাসিনা হলের দুই ছাত্রীকেও জিজ্ঞাসাবাদ করা হয়। পরে কমিটির সদস্য অধ্যাপক ড. দেবাশীষ শর্মার কক্ষে আরেক দফা আলোচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন সহকারী প্রক্টর অধ্যাপক ড. মুর্শিদ আলম ও সদস্যসচিব একাডেমিক শাখার উপরেজিস্ট্রার আলীবদ্দীন খান। অধ্যাপক ড. দেবাশীষ শর্মা বলেন, চলমান তদন্তের অংশ হিসেবে যে তথ্যগুলো আমরা পেয়েছি, সেগুলোর পর্যালোচনা চলছে। আমরা সাত কর্মদিবসের মধ্যে তদন্তের কাজ শেষ করবো। এরআগে গতকাল পর্যন্ত টানা তিনদিন ভুক্তভোগী ও অভিযুক্ত ছাত্রীদের সাক্ষাৎকার গ্রহণ করেন তারা। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি, ঘটনার রাতে হলে অবস্থানরত প্রত্যক্ষদর্শীদের সাথেও কথা বলেন কমিটির সদস্যরা। গত ১১ ফেব্রুয়ারি দেশরত্ন শেখ হাসিনা হলে রাত সাড়ে ১১টা থেকে রাত প্রায় ৩টা পর্যন্ত শারীরিক নির্যাতন করা হয় নবীন ওই ছাত্রীকে। ভুক্তভোগী ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্রী। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরী অন্তরা, তাবাসসুম ইসলাম, মোয়াবিয়া জাহান, হালিমা খাতুল উর্মি ও ইশরাত জাহান মীমের বিরুদ্ধে অভিযোগ ওঠে তারা ওই ছাত্রীকে মারধর করে তার বিবস্ত্র ভিডিও ধারণ করে রাখেন। এ ঘটনার পরদিন ১৩ ফেব্রুয়ারি সকালে ভয় পেয়ে হল ছেড়ে বাসায় চলে যান ভুক্তভোগী ছাত্রী। র‌্যাগিংয়ের নামে শারীরিক ও মানসিকভাবে হেনস্তার বিচার ও নিরাপত্তা চেয়ে গত ১৪ ফেব্রুয়ারি প্রক্টর ও ছাত্র-উপদেষ্টা দপ্তর বরাবর লিখিত দেন তিনি। বিষয়টি নিয়ে হল প্রশাসন ও বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শাখা ছাত্রলীগ পৃথক তদন্ত কমিটি গঠন করে। এছাড়াও তদন্ত করছে হাইকোর্ট নির্দেশে গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটি।