ইউপি মেম্বারের অনৈতিকতা ফাঁস হওয়ায় দম্পতিকে পিটিয়ে জখম

0

 

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)॥ মনিরামপুরের সাইফুল্লাহ নামে এক ইউপি মেম্বরের অনৈতিক কর্মকান্ড দেখে ফেলায় ভ্যান চালক ও তার স্ত্রীকে মারপিটে জখম করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে চালুয়াহাটি ইউনিয়নের রতনদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ইউপি মেম্বর সাইফুল্লাহসহ দুইজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, কয়েকদিন আগে রতনদিয়া গ্রামের হাসেম আলীর ছেলে ইউপি মেম্বর সাইফুল্লাহকে প্রতিবেশীর একটি গোয়ালঘরে অনৈতিক সম্পর্ক অবস্থায় দেখেন ভ্যান চালক মোকাম দফাদার। বিষয়টি বুঝতে পেয়ে মেম্বর সাইফুল্লাহ তাকে এ ব্যাপারে মুখ খুলতে নিষেধ করেন। কিন্তু বিষয়টি জানাজানি হলে মেম্বর সাইফুল্লাহ ওই ভ্যান চালক মোকাম দফাদারকে দোষারোপ করে বৃহস্পতিবার সকালে মারপিটে জখম করে। এসময় তার স্ত্রী সখিনা বেগম ঠেকাতে আসলে তাকেও মারপিট করা হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধারের পর উপজেরা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় ভ্যান চালক মোকাম দফাদার বাদি হয়ে ইউপি মেম্বর সাইফুল্লাহসহ দুইজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন। এ বিষয়ে জানার জন্য ইউপি মেম্বর সাইফুল্লাহর মোবাইলফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মনিরুজ্জামান জানান, বিষয়টির তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।