আ.লীগের দু গ্র“পের দ্বন্দ্ব: শৈলকুপায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর ভেঙে বিতাড়িত করা দুটি পরিবার তিন মাসেও উঠতে পারলো না ভিটায়

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দামুকদিয়া গ্রামে প্রধানমন্ত্রীর উপহারের ঘর ভাঙচুর করে ভিটাছাড়া করা দুটি পরিবার তিন মাস ধরে তাদের ঘরে উঠতে পারছে না। আওয়ামী লীগের দুই গ্রুপের সামাজিক দ্বন্দ্বের জেরে প্রধানমন্ত্রীর উপহারের ওই ঘর ভাঙচুর করা হয়। ঘরের জানালা, দরজা, ইলেক্ট্রিক ওয়্যারিং ও ঘরের আসবাবপত্র ভাঙচুর করে ভিটেছাড়া করা হয় দুটি পরিবারকে।
পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, গত ২৬ জুলাই আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত হন উকিল মৃধা নামে এক ব্যক্তি। এ হত্যাকাণ্ডের পর দুর্যোগ সহনীয় জমি আছে ঘর নেই প্রকল্পের ঘরসহ প্রায় ১শটি বাড়ি ঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। উপজেলা প্রসাশন কর্তক বরাদ্দকৃত এই ঘর দুটির মালিক উপজেলার দামুকদিয়া গ্রামের কাসেদ আলির ছেলে আবু কালাম ও উদ্দিন শেখের ছেলে ওহিদুল ইসলাম। দুর্যোগ সহনীয় ঘরের মালিক আবু কালাম বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়েছিলাম কিন্তু সামাজিক কোন্দলে প্রতিপক্ষরা আমার ঘর ভেঙে দিয়েছে, সেই সাথে জানালা দরজা খুলে নিয়ে গেছে। আমি এখন পরিবার পরিজন নিয়ে ঘরে বসবাস করতে পারছি না।’ স্থানীয়রা জানান, এলাকায় আইন শৃঙ্খলা রক্ষার্থে একটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছিল। ক্যাম্পটি প্রত্যাহারের পরই চলে নারকীয় তাণ্ডব। তিন মাস ধরে ওই এলাকায় ভীতিকর পরিবেশ চলে আসলেও আসামিদের বেশির ভাগই অধরা রয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় মনোহরপুর ইউনিয়নের চেয়ারম্যান ও শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা আরিফ রেজা মন্নুর কাছে ফোন কল করা হলে তিনি ফোন রিসিভ করেননি। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গির আলম জানান, উপজেলার দামুকদিয়া গ্রামের আওয়ামী লীগ নেতা বকুল মোল্লা ও একই গ্রামের উকিল মৃধার মধ্যে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরেই মূলত এসব ঘরবাড়ি ভাঙচুর করা হয়। তিনি বলেন, আসামিদের অনেকেই আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন। এ ব্যাপারে শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমা লিজা বৃহস্পতিবার বলেন, খবরটি আমি সাংবাদিকদের কাছ থেকে আজই শুনলাম। শুধু প্রধানমন্ত্রীর ঘর কেন কোনো ঘরই এভাবে ভেঙে দেওয়া কাম্য হতে পারে না। আমরা দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।