আ. লীগকে ফেরাতেই জামায়াত ও এনসিপির লং মার্চের ঘোষণা : রাশেদ খান

0
ছবি: সংগৃহীত।

ঝিনাইদহ সংবাদদাতা ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়ে জামায়াত ও এনসিপির বর্তমান রাজনৈতিক ভূমিকা নিয়ে মারাত্মক অভিযোগ তুলেছেন।

মঙ্গলবার দুপুরে দলীয় কর্মসূচি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, পতিত আওয়ামী লীগকে পুনরায় রাজনীতিতে পুনর্বাসিত করতেই ওই দল দুটি জোটবদ্ধ হয়ে চক্রান্তের রাজনীতি শুরু করেছে।

তিনি বলেন, আগামী ডিসেম্বরে শেখ হাসিনা ও আওয়ামী লীগের ফেরার ঘোষণা ও একই সময়ে জামায়াত-এনসিপির লংমার্চের কর্মসূচি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি এক গভীর চক্রান্তের অংশ।

১৯৯৬ সালের প্রেক্ষাপট মনে করিয়ে দিয়ে রাশেদ খান বলেন, সে সময় যেভাবে জামায়াত আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে বিএনপির বিরুদ্ধে মাঠে নেমেছিল, ঠিক একইভাবে আজও তারা ফ্যাসিবাদের দোসরদের রাজপথে ফেরানোর অপচেষ্টায় লিপ্ত।

আলোচিত ‘মক্কা সামরিক চুক্তি’ প্রসঙ্গে তিনি জানান, এনসিপি প্রধান নাহিদ ইসলাম ও জামায়াতসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল এই চুক্তির বিষয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেখিয়েছে এবং দেশের বড় একটা অংশও তা সমর্থন করছে। তবে সরকার দেশের সার্বভৌমত্ব, কূটনৈতিক কৌশল ও সার্বিক নিরাপত্তার দিকটি পূর্ণাঙ্গ মূল্যায়ন করে তবেই চূড়ান্ত পদক্ষেপ নেবে।

একই সাথে দীর্ঘদিন পর ডাকসু নির্বাচনে নিজের প্রাপ্য জিএস পদ ফিরে পাওয়ার প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এই সিদ্ধান্তের মাধ্যমে প্রশাসন সাধারণ শিক্ষার্থীদের ভোটাধিকারকে সম্মান জানিয়েছে।

এরআগে জেলা বিএনপির অফিস প্রাঙ্গণ থেকে শুরু হওয়া শোভাযাত্রায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহসভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, যুবদলের সভাপতি আহসান হাবিব রনক, ইবি ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাহেদ আহম্মেদ, জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন ও সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেলসহ বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী।