আসন্ন দুর্গাপূজায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস বিএনপির : যশোরে মতবিনিময় সভা

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন শারদীয় দুর্গাপূজা সার্বিক নিরাপত্তা ও ধর্মীয় গাম্ভীর্য বজায় রেখে শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে বিএনপি। শুক্রবার সন্ধ্যায় যশোর শহরের পৌর কমিউনিটি সেন্টারে নগর ও সদর উপজেলা বিএনপির উদ্যোগে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় এই আশ্বাস প্রদান করা হয়।

নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রায় ৩০০ থেকে ৩২০ জন নেতাকর্মী, পূজা উদযাপন পরিষদের প্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যশোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক, যশোর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন এবং যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার হকসহ বিএনপি ও পূজা উদযাপন পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ছবি: লোকসমাজ।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, যশোর জেলায় শারদীয় দুর্গাপূজা সুন্দরভাবে আয়োজনের লক্ষ্যে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। জাতীয়তাবাদী দল বিএনপি সব সময় সব ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে। বাংলাদেশে ধর্মের ভিত্তিতে কোনো ভেদাভেদ থাকা উচিত নয়।

তিনি আরও বলেন, একাত্তরের পরাজিত শক্তি ও চব্বিশের পলায়নকারী শক্তি বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। কোনোভাবেই তাদের এ ধরনের কর্মকাণ্ড সফল হতে দেওয়া হবে না। এ পরিস্থিতি মোকাবিলায় বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীকে সচেষ্ট থাকতে হবে। শারদীয় দুর্গাপূজা যাতে নির্বিঘ্নে উদযাপিত হয়, সে লক্ষ্যে সরকার ও বিএনপির নেতাকর্মীরা সমন্বিতভাবে কাজ করছেন বলেও তিনি উল্লেখ করেন।