যশোরের চারটি মাঠ সংস্কারে চেক বিতরণ প্রতিমন্ত্রীর

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, এমপি। শুক্রবার সন্ধ্যায় যশোর পৌর কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সদর উপজেলার চারটি খেলার মাঠ সংস্কার কাজের চেক বিরতরণ করেন প্রধান অতিথি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

এর আগে প্রধান অতিথির বক্তব্যে খেলাধুলাকে পেশা হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। সে ক্ষেত্রে অন্যান্য পেশার মতো খেলাধুলাকে পেশা হিসেবে গ্রহণ করে ক্রীড়াবিদদের যোগ্য খেলোয়াড় হিসেবে গড়ে উঠতে হবে। কারো প্রতি কোনো অনুকম্পা নয়; বরং যোগ্য খেলোয়াড়দের যোগ্যতাকেই সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হবে।”

অনুষ্ঠানে যশোর সরকারি এমএম কলেজ খেলার মাঠ, যশোর পলিটেকনিক ইনস্টিটিউট খেলার মাঠ, উপশহর ডিগ্রি কলেজ খেলার মাঠ ও বিরামপুর স্কুল খেলার মাঠ সংস্কারে বরাদ্দের চেক তুলে দেন প্রধান অতিথি।

যশোর সদর উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহরিয়ার হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও ক্রীড়া সংস্থার প্রতিনিধি মিজানুর রহমান খান, ক্রীড়া সংস্থার সদস্য সচিব বাবু চিন্ময় সাহা, সাবেক কৃতী খেলোয়াড় মাসুদ হোসেন সাথী এবং আলমগীর সিদ্দিকী।

সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবলিক প্রসিউকিটর (পিপি) ও যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন খোকন এবং জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক , ক্রীড়া সংস্থার সদস্য মাহাতাব নাসির পলাশসহ অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি উল্লিখিত চারটি খেলার মাঠের সংস্কারকাজের আর্থিক চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। এই সভায় প্রায় ৩০০ থেকে ৩৫০ জন ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক ও সুধীজন অংশগ্রহণ করেন।