আশাশুনিতে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন দণ্ড

0

সাতক্ষীরা সংবাদদাতা ॥ মাদ্রাসাছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক মিলন গাজীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম দণ্ডাদেশ দেওয়া হয়। বুধবার সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম. জি আযম ওই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত মিলন গাজী (৩৩) জেলার আশাশুনি উপজেলার বৈরমপুর গ্রামের কালাম গাজীর ছেলে।
মামলার বিবরণে জানা যায়, বাদীর মেয়ে (১৪) বৈরমপুর গ্রামের একটি মাদ্রাসায় লেখাপড়া করতো। মাদ্রাসায় আসা যাওয়ার পথে আসামি তাকে প্রেমের প্রস্তাব দেয়। বাদীর মেয়ে ওই প্রস্তাব প্রত্যাখ্যান করার পরও আসামি তার পিছু ছাড়ে না। একপর্যায়ে ২০১১ সালের ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় আসামি বাদীর মেয়েক তার বাড়ির পাশে পরিত্যাক্ত ঘরে নিয়ে ধর্ষণ করে এবং পরবর্তীতে আরও কয়েকবার ধর্ষণ করার ফলে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।
বিষয়টি জানাজানি হলে স্থানীয়ভাবে এলাকাবাসী বিয়ের জন্য চাপ দিলেও আসামি বিয়ে করতে অস্বীকার করে। পরবর্তীতে বাদী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। মামলা চলাকালীন ভিকটিমের গর্ভে একটি পুত্র সন্তানের জন্ম হয় এবং ডিএনএ পরীক্ষায় আসামির সন্তান প্রমাণ হয়। রায় ঘোষণার সময় আসামি পলাতক রয়েছে।