আর্জেন্টিনা–ইংল্যান্ড সেমিফাইনালে রেফারির দায়িত্বে ৯ কার্ড দেখানো ইসমাইল এলফাত

0
২০২৬ বিশ্বকাপের আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের মধ্যকার বহুল প্রতীক্ষিত সেমিফাইনাল ম্যাচ পরিচালনাকারী মার্কিন রেফারি ইসমাইল এলফাত (ফাইল ছবি)।
২০২৬ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার বহুল প্রতীক্ষিত মহারণ পরিচালনার দায়িত্ব পেয়েছেন যুক্তরাষ্ট্রের অভিজ্ঞ রেফারি ইসমাইল এলফাত।

বাংলাদেশ সময় আগামী বুধবার রাত ১টায় (১৫ জুলাই রাত) আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া হাইভোল্টেজ ম্যাচে তাঁর সিদ্ধান্তের দিকে সমর্থক ও ফুটবল বিশ্লেষকদের বাড়তি কড়া নজর থাকবে।

৪৪ বছর বয়সী এই রেফারি চলতি বিশ্বকাপে ইতিমধ্যে তিনটি হাই-প্রোফাইল ম্যাচ পরিচালনা করে আলোচনায় এসেছেন। নেদারল্যান্ডস-জাপান, স্পেন-উরুগুয়ে এবং নরওয়ে-ব্রাজিল ম্যাচ পরিচালনার সময় তাঁর বেশ কিছু সিদ্ধান্ত বিতর্ক ছড়িয়েছে। এই তিন ম্যাচে তিনি এ পর্যন্ত মোট ৮টি হলুদ ও ১টি লাল কার্ড দেখিয়েছেন। উরুগুয়ের অগুস্তিন কানোবিওকে স্পেনের পাউ কুবার্সির ওপর বিপজ্জনক ট্যাকলের কারণে সরাসরি লাল কার্ড দেখিয়েছিলেন তিনি। এছাড়া নরওয়ে-ব্রাজিল ম্যাচে ভিএআরের (VAR) সহায়তায় ব্রাজিলের পক্ষে পেনাল্টির সিদ্ধান্ত বদলে নেওয়ার ঘটনাও তুমুল আলোচনার জন্ম দিয়েছিল।

আর্জেন্টিনার জন্য অবশ্য ইসমাইল এলফাত বেশ পরিচিত মুখ। ২০২২ সালের কাতার বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিপক্ষে ম্যাচে তিনি চতুর্থ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া ২০২৩ সালের লিগস কাপ ফাইনালেও তিনি বাঁশি হাতে মাঠে ছিলেন, যে ম্যাচে লিওনেল মেসির ইন্টার মায়ামি শিরোপা পুনরুদ্ধার করেছিল।

ইসমাইল এলফাত জন্মসূত্রে মরক্কোর নাগরিক হলেও ১৮ বছর বয়সে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং পরবর্তীতে মার্কিন নাগরিকত্ব গ্রহণ করেন। পেশাদার ফুটবলে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ফুটবল অ্যাসোসিয়েশনের প্রতিনিধি হিসেবেই আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেন
পরে ২০১৬ সালে ফিফার আন্তর্জাতিক রেফারি তালিকায় স্থান পাওয়ার পর এমএলএসে দীর্ঘ অভিজ্ঞতা অর্জন করেন তিনি। হাইভোল্টেজ সেমিফাইনালের এই ম্যাচে এলফাতের সহকারী হিসেবে কাজ করবেন কোরি পার্কার ও কাইল অ্যাটকিন্স এবং চতুর্থ রেফারি হিসেবে থাকবেন ইতালির মাউরিজিও মারিয়ানি।