বিশ্বকাপ ফাইনালে হারের পর মুখ খুললেন মেসি

0
বিশ্বকাপ ফাইনাল ম্যাচ শেষে ভক্তদের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন পোস্ট আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির।। ছবি: ইনস্টাগ্রাম থেকে স্ক্রিণশট
বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলো হেরে শিরোপা হাতছাড়া হওয়ার পর সমর্থকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বার্তা দিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে স্প্যানিশ ভাষায় দেওয়া এক পোস্টে নিজের অনভূতি প্রকাশ করেন তিনি।

পোস্টে মেসি লিখেছেন, ‘কষ্টটা অনেক বেশি এবং এই ক্ষত শুকাতে সময় লাগবে। তবে ভালো লাগার বিষয়গুলোকেও আমি লালন করছি। আমাদের ঘুরে দাঁড়ানোর ম্যাচগুলো, মাঠে নিজেদের উজাড় করে দেওয়া, যা চিরকাল স্মৃতিতে থেকে যাবে। পুরো দেশের সমর্থন, যা এই দলটির কঠোর পরিশ্রম ও চেষ্টার সঙ্গে যুক্ত হয়ে আমাদের আবারও বিশ্বের সেরাদের কাতারে নিয়ে গেছে।’

তিনি আরও যুক্ত করেন, ‘প্রতিটি শুভেচ্ছা ও বার্তার জন্য হৃদয় নিংড়ানো ধন্যবাদ। আরও একবার আমরা এক হয়ে দেশকে একসুতোয় গাঁথতে পেরেছি, আর্জেন্টাইন হওয়ার অসীম গর্ব ভাগাভাগি করে নিতে পেরেছি। একই সঙ্গে চ্যাম্পিয়ন হওয়ায় স্পেনকেও অভিনন্দন।’

উল্লেখ্য, ২০২১ ও ২০২৪ সালে কোপা আমেরিকা এবং ২০২২ সালে বিশ্বকাপ জয়ী মেসি এবারের বিশ্বকাপ আসরেও দুর্দান্ত ফর্মে ছিলেন। টুর্নামেন্টে ৮টি গোল ও ৪টি অ্যাসিস্ট করলেও ফাইনালে এসে হারের তিতকুটে অভিজ্ঞতা অর্জন করতে হয়।

এদিকে জাতীয় দলে অসামান্য অবদানের জন্য আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া মেসিকে প্রশংসায় ভাসিয়েছেন। মেটলাইফ স্টেডিয়ামের একটি ছবি পোস্ট করে তাপিয়া লিখেন, ‘এই গল্প অমর হয়ে থাকবে। অধিনায়ক, তুমি আমাদের যা কিছু দিয়েছ, সে জন্য কৃতজ্ঞতা জানানোর মতো কোনো শব্দ অভিধানে নেই। তোমার খেলা, মাঠ ও মাঠের বাইরে অনন্য নেতৃত্ব এবং শেষ সেকেন্ড পর্যন্ত লড়াইয়ের স্বপ্ন দেখতে শেখানোর জন্য পুরো এক জাতির পক্ষ থেকে ধন্যবাদ। লিও, তুমি অমর। তুমি মহানায়ক।’

মেসির অধিনায়ত্বে দলের এই বিশ্বকাপ লড়াই ও অবদানকে সম্মান জানাতে জাতীয় ছুটি ঘোষণা করেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানান, ছুটির দিনটি কবে হবে তা বেছে নেওয়ার দায়িত্ব দলের ওপরই ছেড়ে দেওয়া হয়েছে।