আদালতে ডিবি পুলিশের চার্জশিট, অভিযুক্তরা স্কুল কমিটির সভাপতি হতে কলেজ শিক্ষক উদয়কে হত্যা করান চাচাতো ভাই পবিত্র

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোরের মনিরামপুর উপজেলার টেকেরহাট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি পদের দখল পেতে নেহালপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি কলেজ শিক্ষক শিক্ষক উদয় শংকর বিশ্বাসকে ভাড়াটে সন্ত্রাসীদের দিয়ে খুন করিয়ে ছিলেন তারই চাচাতো ভাই পবিত্র বিশ্বাস। উদয় শংকর বিশ্বাস ওই বিদ্যালয়ের সভাপতি ছিলেন। ডিবি পুলিশের তদন্তে হত্যার বিষয়ে এমনই তথ্য প্রকাশ পেয়েছে। তদন্ত শেষে নিহতের চাচাতো ভাই পবিত্র বিশ্বাস এবং কথিত চরমপন্থি নেতা শিমুল বিশ্বাসের সেকেন্ড ইন কমান্ড সাইফুল মেম্বারসহ ৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেছে ডিবি পুলিশ।
অভিযুক্তরা হলেন, মনিরামপুর উপজেলার পাঁচাকড়ি গ্রামের হরেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে পবিত্র বিশ্বাস, মৃত আব্দুস সালাম গাজীর ছেলে রাসেল গাজী ওরফে রাসেল কবির, অভয়নগর উপজেলার দত্তগাতি গ্রামের কাশেম মোল্লার ছেলে সাইফুল আলম মোল্লা ওরফে সাইফুল মেম্বার, সরখোলা গ্রামের মৃত হাবিবুর রহমান ওরফে হবির ছেলে আল আমিন মোল্লা, শহিদুল ইসলামের ছেলে শামীম হোসেন ও বুইকরা গ্রামের হান্নান মোল্লার ছেলে সুমন মোল্লা।
২০২৩ সালের ১৬ অক্টোবর সকাল সাড়ে ৬টার দিকে পাঁচাকড়ি গ্রামের মৃত রনজিৎ বিশ্বাসের ছেলে উদয় শংকর বিশ্বাস মোটরসাইকেলে করে টেকেরহাট বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তের গুলিতে মারা যান। এ ঘটনায় নিহতের মা ছবি রানী বিশ্বাস অজ্ঞাতনামাদের আসামি করে মনিরামপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি প্রথমে থানার পুলিশ এবং পরে ডিবি পুলিশ তদন্ত করে।
ডিবি পুলিশের তদন্ত সূত্রে জানা যায়, টেকেরহাট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি ছিলেন নিহত উদয় শংকর বিশ্বাস। তার চাচাতো ভাই পবিত্র বিশ্বাস সভাপতির ওই পদের দখল পেতে ভাড়াটে সন্ত্রাসীদের দিয়ে তাকে হত্যা করেন। হত্যা মিশনে সরাসরি অংশ নেন আল আমিন মোল্লা ও সুমন মোল্লা। এছাড়া হত্যাকা-ে বিভিন্নভাবে সহায়তা করেন সাইফুল মেম্বার, রাসেল কবির ও শামীম হোসেন। হত্যাকা-ে ব্যবহৃত অস্ত্রটি সরবরাহ করেছিলেন পবিত্র বিশ্বাস নিজেই। তবে হত্যা মিশনে ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার হয়নি। মামলা তদন্তকালে ডিবি পুলিশ বিভিন্ন সময় আল আমিন মোল্লা, সুমন মোল্লা, সাইফুল মেম্বার, রাসেল কবির ও শামীম হোসেনকে আটক করে। তবে পবিত্র বিশ্বাস আটক হয়নি। এরপর মামলার তদন্ত শেষে উল্লিখিত ৬ জনকে অভিযুক্ত করে গত ১৩ সেপ্টেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা এসআই মো. আমিরুল ইসলাম।