আওয়ামী সরকারের দুঃশাসনে দেশবাসী অতিষ্ঠ : বাঘারপাড়ায় বিপ্লবী কমিউনিস্ট লীগের নেতৃবৃন্দ

0

বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা॥ বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের বাঘারপাড়া উপজেলা শাখা কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সকালে এ উপলক্ষে এগারোখানের বাকড়ীতে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের প্রতিনিধিসভার আয়োজন করা হয়।
প্রতিনিধিসভায় সভাপতিত্ব করেন উপজেলা কমিটির সদস্য সুবোধ বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন যশোর জেলা সম্পাদক তসলিম-উর-রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য বিপুল বিশ্বাস, বাঘারপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিথিকা বিশ্বাস, বাঘারপাড়া উপজেলা কমিটির সদস্য মলয় লস্কর, রুহুল আমিন, সুমন কর, বিপ্লবী যুব মৈত্রী যশোর জেলার নেতা মঞ্জুরুল আলম , ছাত্র নেতা সুমন পোদ্দার, অশোক ভুট্টো প্রমুখ।
প্রতিনিধিসভায় নেতৃবৃন্দ বলেন, আওয়ামী সরকারের দুঃশাসনে দেশবাসী অতিষ্ঠ। জনগণের ভোটাধিকার কেড়ে নেয়া হয়েছে। আবারো একতরফা প্রহসনের নির্বাচনের প্রচেষ্টা নেয়া হচ্ছে। নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকার ছাড়া নির্বাচন হবে প্রহসন। নেতৃবৃন্দ আরো বলেন, সরকারের দায়িত্বহীন আচরণের কারণে আজ দেশি-বিদেশি নানা শক্তি অপতৎপরতা চালানোর সুযোগ পাচ্ছে। গণআন্দোলন ও গণসংগ্রাম ছাড়া ভোটাধিকার আদায় ও জনগণের স্বার্থ রক্ষা করা যাবে না। নেতৃবৃন্দ বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধিতে জনজীবন বিপর্যস্ত। অথচ সরকার ব্যস্ত ক্ষমতা রক্ষা নিয়ে। প্রতিনিধিসভায় সর্বসম্মতিক্রমে বিপুল বিশ্বাসকে সাধরণ সম্পাদক করে সাত সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।