আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না : অনিন্দ্য ইসলাম অমিত

0

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন,পবিত্র মাহে রমজানেও দেশের জনগণ ভালো নেই । সীমাহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে তারা আজ অত্যন্ত দুর্বিষহ জীবনযাপন করছে।  শুক্রবার (৩১ মার্চ ) যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত কর্মীসভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। বসুন্দিয়া বাজারে অনুষ্ঠিত কর্মীসভায় অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন,আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশ্বের অন্যান্য দেশে যখন ভোগ্যপণ্যের দাম কমিয়ে জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসা হয়। সেখানে একমাত্র ব্যতিক্রম বাংলাদেশ। রমজান আসলে যে দেশে সকল ভোগ্যপণ্যের দাম কয়েকগুণ বৃদ্ধি পায়। আজকে সকল ভোগ্যপণ্য জনগণের ক্রয়ক্ষমতার বাইরে। সেই জনগণের কষ্টের কথা আজ গণমাধ্যমের বন্ধুরা লিখতে পারে না। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করলে তাদেরকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে নিক্ষেপ করা হয়।
ইফতারের আগে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ূ কামনা করে এবং দলের জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও মন্ত্রী তরিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় করে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।
ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাড. নুরুজ্জামান খানের সভাপতিত্বে কর্মীসভা ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন,সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক,আশরাফুজ্জামান মিঠু,বিএনপি নেতা আব্দার হোসেন,মীর নূর ইমাম,আব্দুর রহিম,জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর,বসুন্দিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী আব্দুল আজিজ,সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম,সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন লিটন প্রমুখ।