অর্ধকোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ যশোর জোনাল সেটেলমেন্ট অফিসের সাবেক কপিস্ট আতাউরের নামে দুদকের মামলা

0

 

স্টাফ রিপোর্টার ॥ প্রায় অর্ধকোটি টাকার জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জনের অভিযোগে যশোর জোনাল সেটেলমেন্ট অফিসের সাবেক (বর্তমানে অবসরপ্রাপ্ত) কপিস্ট আতাউর রহমানের (৬৩) বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি কমিশন (দুদক)। ২০০৪ সালের দুর্নীতি দমন কমিশন আইনের ২৭(১) ধারায় দুদক সমন্বিত যশোর জেলা কার্যালয়ে বুধবার এই মামলা করা হয়। দুদকের উপ-সহকারী পরিচালক চিরঞ্জীব নিয়োগী মামলাটি করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপ-পরিচালক মো. আল আমিন।
অভিযুক্ত আতাউর রহমান মনিরামপুর উপজেলার বাঙ্গালীপুর গ্রামের আছির উদ্দিন মোড়লের ছেলে। বর্তমানে তিনি যশোর শহরের নীলগঞ্জ তাঁতীপাড়ার বাসিন্দা।
দুদকের মামলা সূত্রে জানা যায়, অভিযুক্ত আতাউর রহমান ১৯৮৯ সালে ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরে কপিস্ট পদে নিয়োগপ্রাপ্ত হয়ে যশোর জোনাল সেটেলমেন্ট অফিসে যোগদান করেন। পরে তিনি খুলনায় বদলি হয়ে যান। এরপর ২০১০ সালে তিনি খুলনা থেকে বদলি হয়ে ফের যশোর অফিসে যোগদান করেন। ২০২০ সালে তিনি অবসরে যান। আতাউর রহমানের বিরুদ্ধে বিভিন্ন পন্থায় অবৈধ অর্থ উপার্জনের অভিযোগের সত্যতা পাওয়ায় দুদকের পক্ষ থেকে তাকে সম্পদের বিবরণী দাখিল করতে বলা হয়। এর প্রেক্ষিতে তিনি ২০২৩ সালের ৫ জানুয়ারি তার সম্পদ বিবরণী দুদক কার্যালয়ে দাখিল করেন। সম্পদ বিবরণীতে তিনি উল্লেখ করেছেন, নিজ নামে যশোরে একটি ৪ তলা বাড়ি এবং ৬টি দলিল মুলে ক্রয়কৃত সদর ও মনিরামপুরে ১শ’ দশমিক ১ শতক জমিসহ মোট ১ কোটি ৮ লাখ ৬৯ হাজার টাকার স্থাবর সম্পদ ও ১৩ হাজার টাকার অস্থাবর সম্পদ রয়েছে। অর্থাৎ তার সম্পদের পরিমাণ ১ কোটি ৮ লাখ ৬৯ হাজার টাকার। কিন্তু দুদকের অনুসন্ধানে প্রকাশ তার ১ কোটি ১১ লাখ ৪৯ হাজার ৫০৮ টাকার সম্পদ রয়েছে। এর মধ্যে তিনি জ্ঞাত আয় বহির্ভুত ৪৬ লাখ ৬৮ হাজার ৭৪৬ টাকার সম্পদ অর্জন করেছেন।