অভয়নগরে ১৭ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, আটক ৩

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রির্পোটার, অভয়নগর (যশোর)॥ অভয়নগরে একটি প্রাইভেটকার থেকে ১৭ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। রোববার ভোর ৫টার দিকে উপজেলার শুভরাড়া ইউনিয়নের বাশুয়াড়ি গ্রামের ধলুর মোড় থেকে তাদের আটক করা হয়।

দুপুরে বিষয়টি নিশ্চিত করেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম নুরুজ্জামান।

আটক মাদক কারবারিরা হলেন- কুমিল্লা জেলার গৌরীপুর থানার শাহাপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে প্রাইভেটকার চালক মো. মিজান (৩৩), কুমিল্লা কতোয়ালি থানার গোলাবাড়ি গ্রামের ভূইয়াপাড়ার মৃত ফরিদ আহম্মেদ ভূইয়ার ছেলে পাভেল মিয়া ওরফে মিন্টু (৩৫) ও খুলনা জেলার দৌলতপুর থানার পশ্চিম সেনপাড়া গ্রামের সাহেব আলী মিনার ছেলে মুসন মিনা (৩৫)।

পুলিশ জানায়, আটকরা কুমিল্লা জেলা থেকে প্রাইভেট কারে (ঢাকা মেট্রো গ-২২-৩৫৮৫) করে ১৭ কেজি গাঁজা খুলনার দৌলতপুরে নিয়ে যাচ্ছিলেন। প্রাথমিক যাচাইয়ে তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা থাকার তথ্য পেয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্ততে রোববার ভোর ৫টার দিকে উপজেলার বাশুয়াড়ি গ্রামের ধলুর মোড়ে ওই প্রাইভেট কারটিকে চ্যালেঞ্জ করা হয়। পরে তল্লাশি চালিয়ে প্রাইভেটকার থেকে কালো পলেথিনে মোড়ানো ১৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করে চালকসহ ৩ জনকে আটক করা হয়।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম নুরুজ্জামান বলেন, ১৭ কেজি গাঁজাসহ একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। আটক তিন কারবারির বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। মাদকের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।