প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর নিয়ে তাড়াহুড়ো নেই, যথাসময়েই হবে: দীনেশ ত্রিবেদী

0
পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।। ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বহুল আলোচিত দিল্লি সফর নিয়ে কোনো ধরনের তাড়াহুড়ো নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সফর সম্পর্কিত আলোচনার বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করে তিনি বলেন, যখন উপযুক্ত সময় আসবে, তখনই প্রধানমন্ত্রী ভারত সফরে যাবেন।

আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন ভারতের হাইকমিশনার।

আগামী নভেম্বর মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাব্যতা এবং এ বিষয়ে নির্দিষ্ট কোনো তারিখ চূড়ান্ত হয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে দীনেশ ত্রিবেদী জানান, প্রধানমন্ত্রীর ভারত সফরের আগের দেওয়া আমন্ত্রণ এখনো বহাল রয়েছে। এ নিয়ে কোনো তড়িঘড়ি করার প্রয়োজন আছে বলে তিনি মনে করেন না। যখন সময় হবে, ইতিবাচক আবহেই সফরটি অনুষ্ঠিত হবে।

দ্বিপক্ষীয় সম্পর্কের রাজনৈতিক প্রেক্ষাপট ব্যাখ্যা করে ভারতের হাইকমিশনার বলেন, দুই দেশেই নির্দিষ্ট রাজনৈতিক বাধ্যবাধকতা (পলিটিক্যাল কমপালশন) রয়েছে। তবে সামগ্রিক বিচারে বাংলাদেশ ও ভারতের সম্পর্কের পরিস্থিতি এবং জনগণের ভাবনা ইতিবাচক আছে। উপযুক্ত সময়ে দুই দেশের প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিলেই এ সফর বাস্তবায়ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রসঙ্গে দীনেশ ত্রিবেদী স্পষ্ট জানান, এটি মূলত একটি সৌহার্দ্যপূর্ণ ও সৌজন্য সাক্ষাৎ ছিল, যেখানে কোনো নির্দিষ্ট সুনির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়নি। তবে ব্যক্তিগত ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে মতবিনিময় হয়েছে।

পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে পারস্পরিক স্বার্থের বিষয়গুলোতে ভারতের সঙ্গে ভবিষ্যৎমুখী এবং পারস্পরিক শ্রদ্ধাপূর্ণ মনোভাব বজায় রেখে কাজ করার বিষয়ে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।