পূজায় টানা ৫ দিনের ছুটি

0
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর বৃহস্পতিবার নির্বাহী আদেশে অতিরিক্ত ছুটি অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর ফলে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন সরকারি ছুটি থাকছে।। ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নির্ধারিত সরকারি ছুটির সঙ্গে যুক্ত হলো আরও একদিন। আগামী ২২ অক্টোবর বৃহস্পতিবার নির্বাহী আদেশে সাধারণ সরকারি ছুটির সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ২২ অক্টোবরের ছুটির অনুমোদন দেন। এর ফলে আগামী ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, মহানবমী উপলক্ষে আগামী ২০ অক্টোবর (মঙ্গলবার) নির্বাহী আদেশে এবং বিজয়া দশমী উপলক্ষে ২১ অক্টোবর (বুধবার) সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। এর ধারাবাহিকতায় ২২ অক্টোবর (বৃহস্পতিবার) নতুন করে নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হলো।

ছুটির হিসাব অনুযায়ী, বৃহস্পতিবারের পর ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্র ও শনিবার হওয়ায় তা সাপ্তাহিক ছুটির অন্তর্ভুক্ত। ফলে আগামী ২০ অক্টোবর মঙ্গলবার থেকে শুরু হয়ে ২৪ অক্টোবর শনিবার পর্যন্ত টানা পাঁচ দিন সরকারি সব দপ্তরে ছুটি বহাল থাকবে। এর ফলে দুর্গোৎসবকে কেন্দ্র করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পৃথক কোনো ছুটির আবেদন করার প্রয়োজন পড়ছে না।

এ বছর শারদীয় দুর্গাপূজার সময়সূচি অনুযায়ী, আগামী ১০ অক্টোবর মহালয়া অনুষ্ঠিত হবে। এরপর ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা পালিত হবে।

সরকারি নীতিমালার আওতাভুক্ত প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি নিজ নিজ বিধি অনুযায়ী ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানেও এই ছুটির প্রভাব পড়বে। তবে হাসপাতাল ও অন্যান্য জরুরি ও অত্যাবশ্যকীয় সেবার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে।