মাঠের ভেতরে নিষেধাজ্ঞা ও বাইরে প্রেমিকার বিচ্ছেদ: দ্বিমুখী সংকটে রিয়াল তারকা ভিনিসিউস

0
একের পর এক বিতর্কের মধ্যে মাঠের শাস্তি ও মাঠের বাইরের বিচ্ছেদের জোড়া ধাক্কায় নতুন সংকটে তারকা ফুটবলার ভিনিসিউস জুনিয়র।। ছবি: সংগৃহীত

ভিনিসিউস জুনিয়র মাঠের পারফরম্যান্সের পর এবার মাঠের বাইরেও মারাত্মক ধাক্কা খেয়েছেন। ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখে রেফারির দিকে তেড়ে যাওয়ার ঘটনায় একাধিক ম্যাচে নিষেধাজ্ঞার শঙ্কা তৈরি হয়েছে তাঁর।

এরই মধ্যে খবর এলো, ব্রাজিলীয় এই ফরোয়ার্ডের সাথে তাঁর প্রেমিকা ভার্জিনিয়া ফনসেকার বিচ্ছেদ ঘটে গেছে। বিশেষ বিষয় হলো, বিচ্ছেদের এই সংবাদটি কোনো কাল্পনিক গুঞ্জন বা অজ্ঞাত সূত্রের তৈরি নয়, বরং স্বয়ং ফনসেকার দপ্তর থেকেই বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ভার্জিনিয়া ফনসেকা মূলত ব্রাজিলের একজন অত্যন্ত পরিচিত ও প্রভাবশালী সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। ফরাসি সংবাদমাধ্যম আরএমসি স্পোর্ট তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ফনসেকার কার্যালয় থেকে ব্রাজিলের স্থানীয় সংবাদমাধ্যমগুলোকে পাঠানো একটি আনুষ্ঠানিক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ তারকা ভিনির সাথে সম্পর্কচ্ছেদের চূড়ান্ত বিষয়টি নিশ্চিত করে জানানো হয়েছে।

স্প্যানিশ ফর্মুলা ওয়ানের এক অনুষ্ঠানে প্রেমিকা ভার্জিনিয়া ফনসেকার সাথে উপস্থিত হতে দেখা যায় রিয়াল তারকা ভিনিসিউস জুনিয়রকে।। ছবি: সংগৃহীত

ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিউস ও ভার্জিনিয়া ফনসেকার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে ব্রাজিল ও স্পেনের সংবাদমাধ্যমগুলোতে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছিল গত বছরের অক্টোবর মাস থেকেই। যদিও তাঁদের এই সম্পর্কের গতিপথ সব সময় একই রকম মসৃণ ছিল না। ইতিপূর্বে গত মে মাসেও তাঁদের প্রকাশ্যে বিচ্ছেদ ঘটার খবর সামনে এসেছিল, তবে পরবর্তীতে চলতি বছরের জুলাই মাসে আবারও দুজনকে একসঙ্গে দেখা যায়।

সম্পর্ক জোড়া লাগার পর বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে নিয়মিতই একসঙ্গে উপস্থিত হতে দেখা গেছে এই যুগলকে। সর্বশেষ গত সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ে স্প্যানিশ ফর্মুলা ওয়ান গ্রাঁ প্রিতে প্রকাশ্যে একে অপরের হাত ধরে উপস্থিত হয়েছিলেন ভিনিসিয়ুস ও ফনসেকা, যা ফুটবল ও বিনোদন অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছিল। তবে সেই ঘটনার এক মাস পার হওয়ার আগেই আবারও তাঁদের বিচ্ছেদের দুঃসংবাদ সামনে এলো।

ফনসেকার প্রেস দপ্তরের বিবৃতিতে বিচ্ছেদের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হলেও এই সম্পর্ক ভাঙনের পেছনে নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি। তবে বিবৃতির মাধ্যমে স্পষ্ট জানানো হয়েছে, তাঁদের মধ্যে কোনো ধরনের ঝগড়া কিংবা মনোমালিন্য থেকে বিচ্ছেদ ঘটেনি; বরং দুজনের পারস্পরিক সম্মতিতেই সম্পর্কের ইতি টানার যৌথ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই বিচ্ছেদের ঘটনায় এখন পর্যন্ত ভিনিসিয়ুস কিংবা ফনসেকা—কারো পক্ষ থেকেই প্রকাশ্যে নতুন করে কোনো মন্তব্য করা হয়নি।

লাল কার্ডের পর রেফারির দিকে তেড়ে যান ভিনিসিয়ুস (৭) ।। ছবি: সংগৃহীত

অন্যদিকে, খেলার মাঠে ভিয়ারিয়াল ম্যাচের লাল কার্ডের কারণে চূড়ান্ত শাস্তির মুখোমুখি দাঁড়িয়ে আছেন ২৬ বছর বয়সী ব্রাজিলিয়ান এই তারকা ফরোয়ার্ড। ম্যাচের সময় নাথান সালিবার চুল টেনে ধরার অপরাধে রেফারি তাঁকে সরাসরি লাল কার্ড দেখালে সেটি কোনোভাবেই মেনে নিতে পারেননি তিনি।

পরবর্তীতে ম্যাচের মূল প্রতিবেদনে রেফারি উল্লেখ করেন যে ভিনিসিয়ুস তাঁর দিকে ‘আক্রমণাত্মকভাবে তেড়ে এসেছিলেন’। সাধারণত সরাসরি লাল কার্ডের প্রচলিত শাস্তি এক ম্যাচের নিষেধাজ্ঞা, যার ফলে আগামী ১৯ অক্টোবর সেভিয়ার বিরুদ্ধে ম্যাচে মাঠে নামা হবে না তাঁর।

তবে রেফারির সাথে এই ধরনের দুর্ব্যবহারের কারণে তাঁর ওপর একাধিক ম্যাচের বড় শাস্তি নেমে আসতে পারে। আর এমনটি ঘটলে আগামী ২৫ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে গুরুত্বপূর্ণ ‘এল ক্লাসিকো’ ম্যাচেও খেলা হবে না রিয়াল মাদ্রিদের এই তারকা ফরোয়ার্ডের।