দর্শনা জয়নগর সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

রোববার (১৪ জুন) ভোর ৪টার দিকে দর্শনা-গেদে সীমান্তের ৭৬ ও ৭৭ নম্বর মেইন পিলারের মধ্যবর্তী এলাকা দিয়ে

0
দর্শনা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা

রিফাত রহমান, চুয়াডাঙ্গা, লোকসমাজ : চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর সীমান্ত দিয়ে ১১ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়।

রোববার (১৪ জুন) ভোর ৪টার দিকে দর্শনা-গেদে সীমান্তের ৭৬ ও ৭৭ নম্বর মেইন পিলারের মধ্যবর্তী এলাকা দিয়ে ১১ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ৮ জন পুরুষ ও ৩ জন নারী রয়েছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, ভোরে টহলরত সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে ওই ১১ জনকে সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে রেখে দেওয়া হয়। পরবর্তীতে তারা কোথায় গেছেন বা বর্তমানে কোন অবস্থানে রয়েছেন, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, “পুশইনসহ সীমান্তে যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিরোধে বিজিবির টহল, গোয়েন্দা নজরদারি এবং অপারেশনাল কার্যক্রম অব্যাহত রয়েছে। সীমান্ত নিরাপত্তায় আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি।”

উল্লেখ্য, চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বাধীন চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার মোট ১১৩ কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে। এছাড়া মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধীনে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলার ৭০ কিলোমিটার এবং চুয়াডাঙ্গা জেলার আরও ৩৪ দশমিক ৫ কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে।