নিজের ও পরিবারের নিরাপত্তায় প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে সংবাদ সম্মেলন

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ যশোরে সন্ত্রাসী হামলা করে গাড়ি ভাঙচুর, শারীরিকভাবে লাঞ্ছিত করা ও মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন তামিম আবু উমামা নামে এক ভুক্তভোগী।

রোববার (১১ অক্টোবর) দুপুরে প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে তিনি নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

লিখিত বক্তব্যে তামিম আবু উমামা অভিযোগ করেন, যশোর শহরের পশ্চিম বারান্দীপাড়া কদমতলা এলাকার আনোয়ার হোসেন, তার মেয়ে ফারজানা খাতুন ঐশী, ভাই দেলোয়ার হোসেনসহ কয়েকজনের সঙ্গে বিরোধের জেরে তিনি ও তার পরিবার দীর্ঘদিন ধরে হয়রানির শিকার হচ্ছেন।

প্রায় আড়াই বছর আগে আনোয়ার হোসেনের মেয়ে ঐশীর সঙ্গে তার বিয়ের আলোচনা হয়েছিল। পরে কাবিনের টাকা নিয়ে মতবিরোধের কারণে বিয়ের প্রস্তাব বাতিল করা হলে বিরোধের সূত্রপাত হয়।

তিনি বলেন, ‘এরপর তারা আমাকে জড়িয়ে ছয়টি মামলা দায়ের করে। এর মধ্যে চারটি মামলা আদালতে মিথ্যা ও ভিত্তিহীন প্রমাণিত হয়েছে। গত ৭ অক্টোবর সন্ধ্যায় আনোয়ার হোসেন ও তার সহযোগীরা আমার বাড়িতে হামলা চালিয়ে ইটপাটকেল নিক্ষেপ করেন এবং পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেন। এতে বাড়ির ক্ষয়ক্ষতি হয় এবং পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরদিন ৮ অক্টোবর দুপুর ১টা ৫ মিনিটে অফিসে যাওয়ার পথে নীলগঞ্জ ভিসা অফিসের সামনে গাড়ির গতিরোধ করে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। এ ঘটনার ভিডিও মোবাইলে এবং গাড়ির ক্যামেরায় রেকর্ড করা আছে।’

ছবি: লোকসমাজ।

তামিম অভিযোগ করেন, ‘বর্তমানে আমি, আমার বাবা ও পরিবারের অন্য সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছি এবং যেকোনো সময় তারা আমার পরিবারের ওপর বড় ধরনের হামলা করতে পারে।’ তিনি বাড়িতে হামলা, লাঞ্ছিত করা ও ভাঙচুরের অভিযোগের নিরপেক্ষ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।