সুন্দরবনে নতুন ডাকাত দল গঠনের চেষ্টা, অস্ত্র-গুলিসহ আটক ২

0

বাগেরহাট সংবাদদাতা, লোকসমাজ :
সুন্দরবনে ‘চাচা-ভাইপো’ নামে নতুন ডাকাত বাহিনী গঠনের চেষ্টাকালে আত্মসমর্পণ না করা ছোট সুমন বাহিনীর দুই সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এসময় তাদের কাছ থেকে নতুন বাহিনীর নামে ছাপানো ৫০০টি কার্ড উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে কোস্ট গার্ডের লেফটেন্যান্ট শেখ সাদমান বিন মাহমুদ এ তথ্য জানান।

তিনি বলেন, ছোট সুমন বাহিনীর আত্মসমর্পণে অংশ না নেওয়া দুই সদস্য নতুন করে ‘চাচা-ভাইপো’ নামে একটি ডাকাত দল গঠনের চেষ্টা চালাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৫ মে) সন্ধ্যা ৭টার দিকে রূপসা খেয়াঘাট ও কাটাখালীর মোড় সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড বেইস মোংলার সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটকরা হলেন মো. নাজমুল শেখ (৩৫) ও হানিফ শেখ (৪২)। তারা বাগেরহাট জেলার মোংলা থানার বাসিন্দা বলে জানিয়েছে কোস্ট গার্ড।

পরে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস মোংলা ও পুলিশের যৌথ অভিযানে সুন্দরবনের শেলা নদীর বটতলার খালসংলগ্ন এলাকা থেকে ৩টি একনলা বন্দুক, ১টি পাইপগান, ১টি খেলনা পিস্তল এবং ১৯ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে কুখ্যাত ছোট সুমন বাহিনীর সঙ্গে যুক্ত থেকে সুন্দরবন এলাকায় ডাকাতি কার্যক্রম পরিচালনা করছিল। গত ১৭ মে ছোট সুমন বাহিনীর আত্মসমর্পণের পর তারা নতুন নামে আবারও সংঘবদ্ধ হওয়ার চেষ্টা চালায়।

উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।