লেবাননে ড্রোন হামলায় কলারোয়ার যুবক নিহতের খবর

লেবাননের মাইফাদুন এলাকায় সংঘাতপূর্ণ অঞ্চলে চলাচলের সময় ড্রোন হামলায় ঘটনাস্থলেই নিহত হন শুভ কুমার দাস

0

কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা, লোকসমাজ : মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যে লেবাননে ড্রোন হামলায় সাতক্ষীরার কলারোয়ার এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম শুভ কুমার দাস (২৮)। তিনি কলারোয়া উপজেলার শ্রীপ্রতিপুর গ্রামের সুরঞ্জন দাসের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, গত সোমবার (১১ মে) রাতে লেবাননের মাইফাদুন এলাকায় সংঘাতপূর্ণ অঞ্চলে চলাচলের সময় ড্রোন হামলায় ঘটনাস্থলেই নিহত হন শুভ কুমার দাস। পরদিন মঙ্গলবার সন্ধ্যায় পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হলেও সরকারি পর্যায়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

নিহতের বাবা সুরঞ্জন দাস জানান, প্রায় তিন বছর আগে জীবিকার সন্ধানে লেবাননে যান শুভ। সেখানে একটি বাড়ি ও সংলগ্ন ফলের বাগান দেখাশোনার কাজ করতেন তিনি। তার উপার্জনের ওপরই নির্ভরশীল ছিল পুরো পরিবার।

মঙ্গলবার দুপুরে শুভর মৃত্যুর খবর গ্রামে পৌঁছালে স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ।

কয়লা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রকিব বলেন, পরিবারের স্বপ্ন পূরণের আশায় বিদেশে গিয়েছিলেন শুভ। নিয়মিত পরিবারের কাছে টাকা পাঠিয়ে সংসারের হাল ধরেছিলেন তিনি। কিন্তু জীবিকার সন্ধানে যাওয়া সেই তরুণের মরদেহই এখন দেশে ফিরবে।

বাংলাদেশ দূতাবাস, বৈরুত এক শোকবার্তায় শুভ কুমার দাসের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। দূতাবাস জানায়, সোমবার দুপুরে নিজ আবাসস্থলে অবস্থানকালে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন তিনি।

কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম বলেন, শুভ কুমার দাসের মৃত্যুর বিষয়টি এখনো সরকারিভাবে জানানো হয়নি। তবে খবর পাওয়ার পর পরিবারের কাছে লোক পাঠানো হয়েছে। আনুষ্ঠানিক তথ্য পাওয়ার পর জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং পরিবারের পাশে দাঁড়ানো হবে।