শ্যামনগরে ৩৩ লাখ টাকার ফেনসিডিল ও ভারতীয় ওষুধ উদ্ধার

আটক নেই, পরিত্যক্ত উদ্ধার

0
শ্যামনগরে ফেনসিডিল ও ভারতীয় ওষুধ জব্দ

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা : সাতক্ষীরার শ্যামনগরে অভিযান চালিয়ে প্রায় ৩৩ লাখ ১৯ হাজার টাকা মূল্যের ফেনসিডিল ও শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

সোমবার (১৫ জুন) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, রোববার দিবাগত রাত ১টার দিকে সাতক্ষীরার শ্যামনগর থানার বড় হোগলডোরা খালসংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন কৈখালী গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় প্রায় ৩৩ লাখ ১৯ হাজার টাকা মূল্যের ১ হাজার ৩১৯ বোতল ফেনসিডিল এবং শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করা হয়।

জব্দকৃত অবৈধ পণ্যের বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

মিডিয়া কর্মকর্তা আরও বলেন, উপকূলীয় এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।