দিঘলিয়ার গাজীরহাটে দুই পক্ষের সংঘর্ষে আহত ৪, এলাকায় উত্তেজনা

0

খুলনা ব্যুরো ॥ খুলনার দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের মাঝিরগাতী এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাঝিরগাতী এলাকায় দীর্ঘদিন ধরে বিবাদমান দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জেরে বৃহস্পতিবার দুপুর প্রায় ১টার দিকে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় পদ্মবিলা গ্রামের কুব্বত মুন্সীর তিন ছেলে সুমন মুন্সী (৩৯), কাজল মুন্সী (২৮) ও তৈয়েব মুন্সী (৩৫), এবং একই গ্রামের হানিফ সরদারের ছেলে ইমারত সরদার (৩৪) আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ টহল জোরদার করা হয়েছে।

তিনি জানান, ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।