সাতক্ষীরার ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ড, রোগীদের নিরাপদে সরিয়ে আগুন নিয়ন্ত্রণে

0

সাতক্ষীরা সংবাদদাতা: সাতক্ষীরা শহরের ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর দেড়টার দিকে হাসপাতালটির নিচতলায় আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিস, পুলিশ, বিজিবি ও হাসপাতাল কর্তৃপক্ষের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। হাসপাতালে ভর্তি রোগীদের নিরাপদে সরিয়ে সাতক্ষীরা সদর হাসপাতাল ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) সুশান্ত কুমার ঘোষ জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রোগীদের নিরাপদে উদ্ধার করে অন্য হাসপাতালে পাঠান। এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।সাতক্ষীরা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাইফুজ্জামান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার কার্যক্রম শুরু করে। অ্যাম্বুলেন্সের মাধ্যমে রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।

হাসপাতালের প্রশাসনিক বিভাগের অতিরিক্ত পরিচালক প্রদীপ কুমার বিশ্বাস বলেন, নিচতলায় আগুন লাগার খবর পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত রোগীদের সরিয়ে নেওয়ার উদ্যোগ নেয়। পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও বিজিবির সদস্যদের সহযোগিতায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানতে তদন্ত চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।