তালায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে তুলে নেওয়ার অভিযোগে; পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ২

0
ছবি: গ্রেপ্তার কনস্টেবল সোহেল আহম্মেদ ও মতিউর হোসেন মোরসালিন।

লোকসমাজ ডেস্ক ॥ সাতক্ষীরার তালায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে এক ব্যবসায়ীকে দোকান থেকে হ্যান্ডকাফ পরিয়ে মোটরসাইকেলে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। পরে ওই ব্যবসায়ীর স্ত্রীর কাছে ফোন করে মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় এক পুলিশ কনস্টেবলসহ দুজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৬ নভেম্বর) তালা থানার ওসি আব্দুল আলিম পুলিশ কনস্টেবলসহ দুজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় তাদের কাছ থেকে একটি হ্যান্ডকাফ, পুলিশের প্রতিফলক ভেস্ট দুটি, একটি মোটরসাইকেল ও নগদ ১ লাখ ৭১ হাজার ৪৫০ টাকা জব্দ করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

গ্রেপ্তাররা হলেন- বাগেরহাট জেলায় দায়িত্বরত পুলিশ কনস্টেবল সোহেল আহম্মেদ। তিনি যশোর কোতোয়ালী থানার বারান্দীপাড়া এলাকার জুলহাস উদ্দিনের ছেলে ও তালা উপজেলার তেঁতুলিয়া গ্রামের সৈয়দ মৈনুলের ছেলে মতিউর হোসেন মোরসালিন। বর্তমানে তিনি খুলনার সোনাডাঙ্গা এলাকায় বসবাস করেন।

অপহরণের শিকার ব্যবসায়ী মো. কাশেম সরদার তালা উপজেলার সুকদেবপুর গ্রামের রাজ্জাক সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার কাশেম সরদার নিজের দোকানে কাজ করছিলেন। এ সময় দুই ব্যক্তি সেখানে এসে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেন। একপর্যায়ে তারা কাশেম সরদারের হাতে হ্যান্ডকাফ পরিয়ে মোটরসাইকেলে করে তাকে তুলে নিয়ে যান। পরে তার স্ত্রীর মোবাইল ফোনে যোগাযোগ করে মুক্তিপণ দাবি করেন।

এ ঘটনায় কাশেম সরদারের স্ত্রী তাৎক্ষণিকভাবে তালা থানায় অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর তালা থানা পুলিশ তদন্ত ও অভিযান শুরু করে। একপর্যায়ে অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে খুলনার ডুমুরিয়া থানার চুকনগর এলাকায় অভিযান চালানো হয়। সেখানে তালা থানা ও ডুমুরিয়া থানা পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

তালা থানার ওসি আব্দুল আলিম বলেন, ব্যবসায়ীকে অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত অভিযান চালায়। পরে ডুমুরিয়া থানা পুলিশের সহযোগিতায় চুকনগর এলাকা থেকে দুজনকে আটক করা হয়।