মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে : প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ যশোর সেনানিবাসে বর্ণাঢ্য আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে। ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত হামলার পর ২৬ মার্চের প্রথম প্রহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম) ঘোষণার মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের সূচনা হয়। মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর সদস্যরা অসীম সাহসিকতা, দেশপ্রেম ও আত্মত্যাগের যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। সশস্ত্র বাহিনীর অংশগ্রহণ মুক্তির সংগ্রামে নতুন মাত্রা যুক্ত করেছিল।

ছবি: লোকসমাজ।

এ সময় তিনি মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীর শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

প্রতিমন্ত্রী বলেন, একটি দেশের সশস্ত্র বাহিনীর প্রধান দায়িত্ব হলো দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করা। বাংলাদেশের সশস্ত্র বাহিনী প্রতিরক্ষা দায়িত্ব পালনের পাশাপাশি জাতীয় পর্যায়ে জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

দেশের অবকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে বিভিন্ন প্রাকৃতিক ও জাতীয় দুর্যোগ মোকাবিলায় তাদের অবদান রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর জননিরাপত্তা নিশ্চিত করতেও সশস্ত্র বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে বর্তমান সরকারের আন্তরিক সহযোগিতার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আধুনিক সামরিক প্রযুক্তির পাশাপাশি দেশীয় প্রযুক্তি ও উদ্ভাবনের সমন্বয়ে সশস্ত্র বাহিনীকে আরও যুগোপযোগী, দক্ষ ও স্বনির্ভর করে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

ছবি: লোকসমাজ।

তিনি জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সশস্ত্র বাহিনীর সদস্যদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার বিষয়টিও তুলে ধরেন।

এ ছাড়া সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে ভয়াবহ দুর্যোগ মোকাবিলায় সশস্ত্র বাহিনীর অবদানের কথা উল্লেখ করে জাতীয় পর্যায়ে যেকোনো দুর্যোগ মোকাবিলা, পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন, বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং বিভিন্ন দেশ গঠনমূলক কর্মকাণ্ডে তাদের ভূমিকার প্রশংসা করেন।

প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধাসহ সকল বীর শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান। একই সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য ও আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জানান। পরে তিনি দিবসটি উপলক্ষে কেক কাটেন এবং মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, সংসদ সদস্য, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, সশস্ত্র বাহিনীর সাবেক সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আগত মুক্তিযোদ্ধাসহ অতিথিদের অভ্যর্থনা জানান বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল আবু হেনা মোহাম্মদ রাজী হাসান।