মোংলায় পরিবেশ প্রতিমন্ত্রীর নেতৃত্বে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

0
ছবি: সংহীত।

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা॥ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের নেতৃত্বে মোংলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি

শনিবার দুর্যোগপূর্ণ আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে পৌর ও উপজেলা বিএনপির আয়োজনে এ কর্মসূচিতে কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত এ কর্মসূচি থেকে নাশকতায় জড়িতদের আইনের আওতায় আনার হুঁশিয়ারি দেন প্রতিমন্ত্রী।

সকালে প্রতিমন্ত্রীর নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন শেখ ফরিদুল ইসলাম।

তিনি বলেন, ৫ আগস্টের পর থেকে দক্ষিণাঞ্চলের মানুষ শান্তিতে বসবাস করছে। কিন্তু কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু অতি উৎসাহী নেতাকর্মী নতুন করে নাশকতার পথ বেছে নিয়েছে। তাদের চিহ্নিত করা হয়েছে। যারা এসব কর্মকাণ্ডে জড়িত, তাদের ধারাবাহিকভাবে আইনের আওতায় আনা হবে।

প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে করছে, শেখ হাসিনা দেশে ফিরবেন এবং তারা আবার ক্ষমতায় যাবে। কিন্তু যারা জনগণকে ছেড়ে পালিয়ে যায়, তারা আর জনগণের মাঝে ফিরতে পারে না। বিএনপি ১৭ বছর ধরে নির্যাতন, গুম-খুন উপেক্ষা করে রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছে। অন্যদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছে।

গোপালগঞ্জের সাম্প্রতিক বিশৃঙ্খলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিএনপিকে সংঘাতের দিকে ঠেলে দিতে একটি মহল ফাঁদ পেতেছিল। কিন্তু বিএনপি তাতে পা দেয়নি, কোনো রক্তপাত ঘটায়নি। যারা এসব ঘটনায় জড়িত, তাদের চিহ্নিত করা হয়েছে। কাউকে ছাড় দেওয়া হবে না।

সমাবেশে আরও বক্তব্য দেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার ও সাধারণ সম্পাদক আবু হোসেন পনি প্রমুখ।