যশোরে ভৈরব নদের কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে বিডি ক্লিনের ৩ সদস্য অসুস্থ

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ যশোরের ভৈরব নদের কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের তিন সদস্য অসুস্থ হয়ে পড়েছেন। শনিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।

অসুস্থ সদস্যরা হলেন ঢাকার যাত্রাবাড়ীর তামীরুল মিল্লাত আলিয়া মাদ্রাসার ইসলামিক স্টাডিজ (সম্মান) দ্বিতীয় বর্ষের ছাত্র ও একই এলাকার জাকির হোসেনের ছেলে জহিরুল ইসলাম (২৪), গাজীপুরের রহমানের ছেলে জুবায়ের হোসেন (২১) ও আকিব (২৪)।

তাদের মধ্যে পানির নিচে কাচ জাতীয় কিছুতে আকিবের হাঁটু কেটে যায়। তার হাঁটুতে তিনটি সেলাই দিতে হয়েছে। আর জহিরুল ইসলাম ও জুবায়ের হোসেন শারীরিক দুর্বলতা ও পানির দুর্গন্ধে অসুস্থ হয়ে পড়েন।

অসুস্থ জহিরুল ইসলাম জানান, তারা স্বেচ্ছাসেবী সংগঠন ঢাকা বিডি ক্লিনের সদস্য। ঢাকা থেকে পাঁচটি বাসযোগে যশোরে ভৈরব নদের কচুরিপানা পরিষ্কার করতে আসেন। এ ছাড়া খুলনা থেকে আসেন আরও ২০০ জন সদস্য। শনিবার সকাল ১০টার দিকে ভৈরব নদের ময়লা পানিতে নেমে নদ পরিষ্কার করার সময় তীব্র দুর্গন্ধে তাদের শ্বাস-প্রশ্বাস নিতে কষ্ট হয় এবং তারা অসুস্থ হয়ে পড়েন। পরে লোকজন তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. তানিমুল হক রিজভী বলেন, বিষাক্ত ও ময়লা পানির কারণে তারা অসুস্থ হয়ে পড়েছেন।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. হুসাইন শাফায়াত বলেন, নদের পানি দূষিত হয়ে গেছে। এতে তাদের হাইপোথার্মিয়া হতে পারে। তাদের চিকিৎসা চলছে এবং তারা সুস্থ হয়ে যাবেন। অপর সদস্য আকিব পানির নিচে কাচ জাতীয় কিছুতে হাঁটু কেটে আহত হয়েছেন বলেও জানানো হয়।